বিজ্ঞাপন

‘স্থগিত’ স্কোয়াশ ফেডারেশন, স্থগিতের পরও আন্তর্জাতিক টুর্নামেন্ট

‘স্থগিত’ স্কোয়াশ ফেডারেশন, স্থগিতের পরও আন্তর্জাতিক টুর্নামেন্ট

অলিম্পিকে মর্যাদাপূর্ণ ডিসিপ্লিন স্কোয়াশ। উপমহাদেশের মধ্যে পাকিস্তানেই স্কোয়াশ বেশি জনপ্রিয়। বাংলাদেশে খেলাটি কোর্ট ও নানা সংকটের মধ্য দিয়ে চলছে। জাতীয় ক্রীড়া পরিষদ আকস্মিক স্কোয়াশ ফেডারেশনের কর্মকাণ্ড স্থগিত করেছে। 

জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক দৌলতুজ্জামান ১৯ আগস্ট এক অফিস আদেশে স্কোয়াশ ফেডারেশনের বিদ্যমান অ্যাডহক কমিটি স্থগিত করেছেন। স্থগিতের কারণ হিসেবে দেখানো হয়েছে, গঠনতন্ত্র অনুসারে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করতে না পারা। ফুটবল, ক্রিকেট ছাড়া অন্য সকল ফেডারেশন অ্যাডহক কমিটি দিয়ে পরিচালিত হচ্ছে। বর্তমান সরকার বিগত সময়ের ২৭ ফেডারেশনের অ্যাডহক কমিটি বাদ দিয়ে নতুন কমিটি দিয়েছে। বাকি ফেডারেশন/এসোসিয়েশনের কমিটি কর্মকাণ্ড চলমান রয়েছে। হঠাৎ স্কোয়াশ ফেডারেশনের কমিটি স্থগিতের কারণ কী? এমন প্রশ্নে জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালকের উত্তর, ‘২৭ ফেডারেশনে অ্যাডহক কমিটি হয়েছে। স্কোয়াশ ফেডারেশনের কমিটি স্থগিত করা হয়েছে, এটির অ্যাডহক কমিটি প্রক্রিয়াধীন।’

জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালকের মন্তব্যে শুধুমাত্র স্কোয়াশের কমিটি স্থগিত করার সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে তার স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ রয়েছে, জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যানের (যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী) নির্দেশনায় এই কমিটি স্থগিত করা হয়েছে। স্বাভাবিকভাবেই ক্রীড়াঙ্গনে প্রশ্ন উঠেছে, তাহলে অন্য ফেডারেশনের কার্যক্রম কেন স্থগিত নয়, নির্বাচন আয়োজন করতে না পারার কারণে। 

১৯ আগস্ট জাতীয় ক্রীড়া পরিষদের এমন নির্দেশনা থাকলেও স্কোয়াশ ফেডারেশন ২৪-২৮ আগস্ট আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযোগিতা আয়োজন করেছে। এ নিয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল কামরুল ইসলামের (অব) ব্যাখ্যা, ‘জাতীয় ক্রীড়া পরিষদ ফেডারেশনের কমিটি সংক্রান্ত নির্দেশনা দেয়ার এখতিয়ার রাখে তারাই মূল অভিভাবক। তারা খেলাধূলার জন্য যেটা ভালো মনে করবে করতে পারে। আন্তর্জাতিক টুর্নামেন্টের জন্য সব কিছু প্রস্তুত ছিল, তাই ঐ টুর্নামেন্ট করেই আমরা কমিটির কর্মকাণ্ড স্থগিত করেছি।’

জাতীয় ক্রীড়া পরিষদ সকল ফেডারেশনের অভিভাবক। একেক ফেডারেশনের প্রতি একেক আচরণ ও নির্দেশনা ক্রীড়াঙ্গনে প্রশ্নের সৃষ্টি করে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটি ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করেছে। ক্রিকেট বোর্ডের অধীনস্থ সকল জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা অ্যাডহক কমিটি থেকেই কাউন্সিলর মনোনয়ন করেছে। ক্রিকেট বোর্ডে ৯০ দিনে নির্বাচন সম্ভব হলে অন্য ফেডারেশনগুলোতে কেন নয়? অন্য ফেডারেশনগুলোকেও সরাসরি ৯০ দিনের নির্বাচনের জন্য দায়িত্ব দেয়া হলেও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জেলা-বিভাগীয় ক্রীড়া সংস্থা নির্বাচন পর্যন্ত ফেডারেশনগুলোকে অপেক্ষা করতে বলেছেন। এমন নির্দেশনাই যদি হয় তাহলে স্কোয়াশ ফেডারেশন নির্বাচন আয়োজন করতে না পারার জন্য কমিটি স্থগিত কেন? যেখানে ফেডারেশন স্থগিত থাকলে খেলাটিই কার্যত অচল হয়ে পড়ে।

এজেড/এইচজেএস