বিজ্ঞাপন

বড় জয়ে ফাইনালে এক পা তামিমদের

বড় জয়ে ফাইনালে এক পা তামিমদের

গেম ডেভলপমেন্ট ট্রফির (জিডি ট্রফি) আজকের ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৯ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। দারুণ এই জয়ের ফলে ফাইনাল অনেকটাই নিশ্চিত করে ফেলেছে আজিজুল হামিক তামিমের দল।

এ দিন টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছিল অনূর্ধ্ব-১৯ দল। ওপেনার জারিফ সিয়াম এবং কাওসার আহমেদ মিলে তোলেন ৬৫ রান। কাউসার ইনিংস বড় করতে না পারলেও দলীয় ৯৮ রানে ৭১ বলে ৫৬ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান জারিফ।

তিনে নামা আহসান আল মুমিন খেলেছেন ৪৫ বলে ৩৫ রানের ইনিংস। মিডল অর্ডারে শাকিল খান ২৮ বলে ১৫ রান করেছেন। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেছেন মেহেরাব হাসান সিজান। ৩৬ বলে ৩৩ রান করে টিকে ছিলেন তিনি। শেষ পর্যন্ত ১৮৯ রানে অলআউট হয় অনূর্ধ্ব-১৯ দল।

অনূর্ধ্ব-২৩ দলের হয়ে মাত্র ১৯ রান খরচায় ৪ উইকেট শিকার করেন স্বাধীন ইসলাম। ১টি করে উইকেট নেন মহিউদ্দিন তারেক, শেখ পারভেজ জীবন, মাহফুজুর রহমান রাব্বি এবং আহরার আমিন পিয়ান।

জবাব দিতে নেমে আদিল এবং আজিজুল হাকিম তামিমের ব্যাটে ভর করে উড়ন্ত সূচনা পায় অনূর্ধ্ব-২৩ দল। ওপেনিং জুটি থেকে আসে ১৩০ রান। আদিল ৭৪ বলে ৬৩ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান।

এরপর আরেক ওপেনার তামিমের সাথে যোগ দেন কালাম সিদ্দিকী অলিন। ৭৯ বলে ৭৪ রান করে অপরাজিত ছিলেন তামিম। ৪০ বলে অপরাজিত ৩৯ রান করেন অলিন।  ১১১ বল হাতে রেখে ৯ উইকেটের জয় পায় অনূর্ধ্ব-২৩ দল।

এসএইচ/এইচজেএস