বিজ্ঞাপন

নতুন স্পনসরশিপ চুক্তি করতে যাচ্ছে বার্সা, বছরে আয় হবে ১০ মিলিয়ন ইউরো

নতুন স্পনসরশিপ চুক্তি করতে যাচ্ছে বার্সা, বছরে আয় হবে ১০ মিলিয়ন ইউরো

আর্থিক আয় বাড়ানোর পথে আরও বড় একটি চুক্তির দিকে এগোচ্ছে বার্সেলোনা। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ওহানা রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন এলএলসির সঙ্গে দীর্ঘমেয়াদি স্পনসরশিপ চুক্তিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে লা লিগার ক্লাবটি।

মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদন অনুযায়ী, আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বার্সেলোনার সাধারণ সভা। সেখানে চুক্তিটি অনুমোদনের জন্য ভোট হওয়ার কথা রয়েছে। প্রস্তাবটি পাস হলে সংযুক্ত আরব আমিরাতে একটি বিলাসবহুল আবাসিক প্রকল্পে বার্সেলোনা ব্র্যান্ড ব্যবহারের অধিকার পাবে ওহানা। চুক্তির মেয়াদ হবে ২৫ বছরেরও বেশি।

চুক্তির আর্থিক কাঠামোও বেশ বড়। বার্সেলোনা ইতিমধ্যে অগ্রিম হিসেবে ২০ থেকে ৩০ লাখ ইউরো পেয়েছে। বাকি অর্থের ‘বেশির ভাগ’ আগামী তিন অর্থবছরে ক্লাবের কোষাগারে ঢুকবে। প্রতিবছর আসবে প্রায় ১০ মিলিয়ন ইউরো করে।

এর বিনিময়ে ২০২৭ সাল থেকে বার্সেলোনার জার্সির পেছনে জায়গা পাবে ওহানার লোগো। তবে এই চুক্তির আওতায় লোগোটি থাকবে তিন মৌসুম। আর সেটি কেবল ঘরোয়া প্রতিযোগিতায় ব্যবহৃত জার্সির ক্ষেত্রে প্রযোজ্য হবে।

ইউরোপীয় প্রতিযোগিতায় অবশ্য ভিন্ন ব্যবস্থা থাকবে। চ্যাম্পিয়নস লিগসহ ইউরোপের ম্যাচগুলোতে বার্সেলোনার জার্সির পেছনে আগের মতোই ফুন্দাসিও বার্সার লোগো থাকবে।

অর্থাৎ একই সময়ে ঘরোয়া ও ইউরোপীয় প্রতিযোগিতায় বার্সেলোনার জার্সিতে ভিন্ন দুটি লোগো দেখা যাবে। ঘরোয়া ফুটবলে ওহানার উপস্থিতি থাকলেও ইউরোপের মঞ্চে সামাজিক ও দাতব্য কার্যক্রমের সঙ্গে যুক্ত ফুন্দাসিও বার্সাই তাদের জায়গা ধরে রাখবে।

সংযুক্ত আরব আমিরাতে বিলাসবহুল আবাসিক প্রকল্পকে কেন্দ্র করে বার্সেলোনা ব্র্যান্ডের বাণিজ্যিক ব্যবহারই এই চুক্তির মূল বিষয়। ২৫ বছরের বেশি সময়ের প্রস্তাবিত চুক্তিটি অনুমোদিত হলে এটি শুধু কয়েক মৌসুমের জার্সি স্পনসরশিপে সীমাবদ্ধ থাকবে না; বরং দীর্ঘমেয়াদি বাণিজ্যিক অংশীদারত্ব হিসেবে কার্যকর হবে।

এইচজেএস 

বিজ্ঞাপন