বিজ্ঞাপন

‘মেসিকে নিষ্ক্রিয় রাখার কোনো উপায় নেই’

‘মেসিকে নিষ্ক্রিয় রাখার কোনো উপায় নেই’

আটলান্টা ইউনাইটেডের প্রধান কোচ জেরার্ডো ‘টাটা’ মার্তিনো শনিবার নু স্টেডিয়ামে ইন্টার মায়ামির বিপক্ষে এমএলএস দ্বৈরথে দল নামাচ্ছেন। তার নিজের খেলোয়াড়দের লিওনেল মেসির মাঠের সক্ষমতা সম্পর্কে সতর্ক করেছেন।

মার্তিনো বললেন, ‘আমরা সম্প্রতি ৩৯ বছর বয়সে বিশ্বকাপে তার পারফরম্যান্স দেখেছি, ম্যাচের সবকিছুই তাকে কেন্দ্র করে পরিচালিত হয়েছে। ম্যাচের পুরো ৯২, ৯৩ বা ৯৫ মিনিটজুড়ে তাকে নিষ্ক্রিয় করে রাখার উপায় কোনো দলের কাছেই নেই।’

২০২৪ সালের নভেম্বরে মায়ামি কোচ হিসেবে পদত্যাগ করার পর প্রথমবার হেরনদের মুখোমুখি হবেন মার্তিনো। ২০২৪ এমএলএস কাপ প্লে অফ থেকে ছিটকে যাওয়ার কয়েক দিন পর ব্যক্তিগত কারণ উল্লেখ করে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

২০২৩ সালের জুনে মায়ামিতে যোগ দেন মার্তিনো। তারপর ইতিহাসে প্রথম দুটি ট্রফি জেতেন ২০২৩ লিগস কাপ ও ২০২৪ সাপোর্টার্স শিল্ডে। তার কোচিংয়ে মায়ামি প্রথমবার এক মৌসুমে লিগে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড ভাঙে।

২০২৫ সালের নভেম্বরে মার্তিনো এমএলএসে ফেরেন। দ্বিতীয়বারের মতো আটলান্টাকে ডাগআউট থেকে নেতৃত্ব দিচ্ছেন তিনি।

এবার মেসির বিরুদ্ধে রণকৌশল সাজাচ্ছেন আর্জেন্টাইন কোচ। তবে কাজটা সহজ হবে না স্বীকার করে তিনি বলেন, ‘সবসময়ই একটি মুহূর্ত থাকে, যেটা পার্থক্য গড়ে দেয়। কখনো কখনো একটি ম্যাচে এমন অনেক মুহূর্ত আসে, আবার কখনো কখনো যেমন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে হয়েছিল। একটিমাত্র মুহূর্তেই খেলা শেষ হয়ে যায়। এরপর আর ঘুরে দাঁড়ানোর উপায় থাকে না। আমি খেলোয়াড়দের বলেছি, আমরা যদি ৮৯ মিনিট ম্যাচটি আমাদের নিয়ন্ত্রণেও রাখি, তাও শেষ মুহূর্তে হেরে যেতে পারি।’

এফএইচএম