পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও রাজনীতিক ইমরান খানের সুচিকিৎসার দাবি জানানোর তালিকায় এবার যুক্ত হলো আরেক কিংবদন্তির নাম। লিজেন্ডারি ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটার ব্রায়ান লারা এবার কারাবন্দী ইমরানের পাশে দাঁড়ালেন।
৭৩ বছর বয়সী বিশ্বকাপ জয়ী অধিনায়ক ২০২৩ সাল থেকে কারাগারে বন্দী আছেন। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। তার দুই সন্তান সুলাইমান ও কাসিম বারবার তাদের বাবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাদের দাবি, ইমরানকে জেলের ভেতরেই হত্যার প্রচেষ্টা চালানো হয়েছে। আর চিকিৎসায় অবহেলা তো রয়েছেই।
সোশ্যাল মিডিয়ায় লারা বললেন, ‘মাঠে ইমরান খানের সঙ্গে আমার দেখা হয়েছে হাতে গোনা কয়েকবার। কিন্তু তার জন্য আমার শ্রদ্ধা তাৎক্ষণিক এবং স্থায়ী।’ তিনি আরও বলেছেন, ‘আমি এটা বুঝতে পারছি না যে, যিনি তার খেলোয়াড় জীবনের শীর্ষে থাকাকালে দেশের জন্য আশা, গর্ব ও অনুপ্রেরণার প্রতীক ছিলেন। তিনি এখন কীভাবে এমন এক পরিস্থিতিতে পড়তে পারেন, যেখানে তার প্রাপ্য যত্ন, সহানুভূতি ও মর্যাদা দিয়ে তার সঙ্গে আচরণ করা হচ্ছে না।’
ইতোমধ্যে ভিন্ন দেশের ২১ জন সাবেক আন্তর্জাতিক অধিনায়ক ইমরানের সুচিকিৎসার দাবি জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে চিঠি লিখেছেন। তাদের সঙ্গে সংহতি জানালেন লারা, ‘আমি আমার প্রাক্তন সহ-অধিনায়কদের সঙ্গে একমত হয়ে দাবি জানাচ্ছি যে, তিনি যেন যথাযথ ও উন্মুক্ত চিকিৎসা সেবা এবং প্রত্যেক মানুষের প্রাপ্য মর্যাদা লাভ করেন। এটা রাজনীতি নয়। আমাদের ক্রিকেটের একজন লিজেন্ডের জন্য এটা মৌলিক মানবতা।’
এফএইচএম
