বিজ্ঞাপন

একই দলে খেলবেন রোনালদো-মেসি!

একই দলে খেলবেন রোনালদো-মেসি!

ক্যারিয়ারের শেষ লগ্নে এসে সতীর্থ হতে চলেছেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রথমবারের মতো তারা একই দলে খেলতে যাচ্ছেন। সাবেক সতীর্থের বিদায়ী ম্যাচে খেলার আমন্ত্রণ পেয়েছেন বর্তমান সময়ের সেরা দুই ফুটবলার।

মেসি ও রোনালদো একসঙ্গে খেলবেন কার্লোস তেভেজের সঙ্গে। বছরের শেষ দিকে আর্জেন্টাইন ফরোয়ার্ডের জন্য বিশেষ ম্যাচ আয়োজন করা হচ্ছে।

টিওয়াইসি স্পোর্টসের মার্সেলো পালাসিওসের প্রতিবেদন অনুযায়ী, একসময়ের সতীর্থ হুয়ান রোমান রিকেলমে বর্তমানে বোকা জুনিয়র্সের প্রেসিডেন্ট। তার আগ্রহে তেভেজকে বিশেষ ম্যাচের মাধ্যমে বিদায় সংবর্ধনা দেওয়া হবে।

বোকার সঙ্গে তিন মেয়াদে খেলেছেন তেভেজ। ফুটবল থেকে অবসর নেওয়ার পাঁচ বছর পর ডিসেম্বরে লা বোম্বানেরা স্টেডিয়ামে তাকে শ্রদ্ধা জানানো হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৬০ জন তারকা খেলোয়াড় এই ম্যাচে উপস্থিত থাকবেন। তাদের মধ্যে মেসি ও রোনালদোও আছেন। তেভেজ মেসির সঙ্গে আর্জেন্টিনায় খেলেছেন এবং ম্যানইউতে রোনালদোর সঙ্গে তিন মৌসুম ধরে ড্রেসিংরুম ভাগাভাগি করেছেন।

মূলত তেভেজই তার বিদায়ী ম্যাচে দুই তারকার সঙ্গে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে দুজনই যদি প্রতিপক্ষ দলে থাকেন তাহলে? এমন প্রশ্নে তিনি বলেছেন, ‘আমরা তাদের একসঙ্গে করব।’ হোয়াটসঅ্যাপে দুই তারকার সঙ্গেই যোগাযোগ আছে তার। রোনালদোকে রাজি করানো প্রসঙ্গে তিনি বললেন, ‘আমি নিজেই তাকে নিয়ে আসব।’

বর্তমানে ইন্টার মায়ামি ও আল নাসরে খেলছেন মেসি ও রোনালদো। আর্জেন্টিনা থেকে মেসি অবসর নিয়েছেন, আর ক্যারিয়ারের শেষ মৌসুম খেলার ইঙ্গিত দিয়েছেন রোনালদো। বছরের শেষ দিকে দুজন যদি একই দলে খেলেন, তাহলে সেটা হতে পারে ফুটবলের সবচেয়ে আকাঙ্ক্ষিত ম্যাচ।

এফএইচএম