এশিয়ান গেমসে ক্রিকেট নিয়ে মাঠের বাইরের আলোচনা এখন আর শুধু আবাসন কিংবা যাতায়াতের সমস্যায় সীমাবদ্ধ নেই। জাপানে নতুন করে তৈরি ক্রিকেট ভেন্যুর উইকেট নিয়েও প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া। তার আশঙ্কা, আন্তর্জাতিক মানের ক্রিকেটের জন্য প্রস্তুত না থাকা পিচে দ্রুতগতির বোলিং খেলোয়াড়দের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।
আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের আইচি-নাগোয়ায় বসবে এশিয়ান গেমসের আসর। ক্রিকেটে এবার পূর্ণ শক্তির দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ, ভারতের মতো দলগুলো। পুরুষ ও নারী—দুই বিভাগেই ভালো লড়াই হবে।
নিজের ইউটিউব চ্যানেলে এশিয়ান গেমসের ক্রিকেট আয়োজন নিয়ে কথা বলতে গিয়ে আকাশ চোপড়া চীন ও জাপানের ক্রিকেট অবকাঠামোর সীমাবদ্ধতার বিষয়টি তুলে ধরেছেন। তার মতে, অন্য খেলায় বিশ্বমানের অবকাঠামো থাকলেও ক্রিকেটের জন্য প্রয়োজনীয় প্রস্তুতিতে ঘাটতি থেকে যাচ্ছে।
চোপড়া বলেন, 'এশিয়ান গেমসের আয়োজক দেশগুলো ক্রিকেটের গুরুত্ব বুঝতে কিছুটা দেরিতে এগোয়। এর ফলে মাঠ তৈরি হলেও ক্রিকেট খেলার জন্য প্রয়োজনীয় উইকেট প্রস্তুত করার মতো পর্যাপ্ত সময় পাওয়া যায় না।'
এখানেই সবচেয়ে বড় শঙ্কা দেখছেন তিনি। চোপড়ার মতে, গত এশিয়ান গেমসেও দেখা গেছে—উচ্চগতির বোলিংয়ের উপযোগী মানসম্পন্ন উইকেট প্রস্তুত না থাকলে সেটি খেলোয়াড়দের জন্য নিরাপত্তাঝুঁকি তৈরি করতে পারে।
তার ভাষায়, 'মাঠ প্রস্তুত করা হলেও উইকেটের স্কয়ার ঠিকভাবে প্রস্তুত না হলে অবাক হওয়ার কিছু নেই, আর সেখানে দ্রুতগতির বোলিং বিপজ্জনক হয়ে উঠতে পারে।'
এইচজেএস
