বিজ্ঞাপন

‘বাংলাদেশের কাছে হারানো ১২ পয়েন্ট ভোগাবে অস্ট্রেলিয়াকে’

‘বাংলাদেশের কাছে হারানো ১২ পয়েন্ট ভোগাবে অস্ট্রেলিয়াকে’

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজে ২৪ পয়েন্ট পাওয়ার সুযোগ ছিল অস্ট্রেলিয়ার। শেষ পর্যন্ত পেয়েছে ১২। প্রথম টেস্টে বাংলাদেশের কাছে হারের মূল্য তাই শুধু ম্যাচ হারানো নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের হিসাবে ১২টি গুরুত্বপূর্ণ পয়েন্টও খোয়ানো। আর সামনে তাকিয়ে অস্ট্রেলিয়ার জন্য এই হারানো পয়েন্টই হয়ে উঠতে পারে বড় আফসোস—মনে করছেন দেশটির সাবেক ক্রিকেটার ম্যাথু হেইডেন।

ওয়ানডে ও টি-টোয়েন্টির দাপটে টেস্ট ক্রিকেট যখন ক্রমেই আকর্ষণ হারাচ্ছিল, তখন সাদা পোশাকের ক্রিকেটকে নতুন করে প্রাসঙ্গিক করতে ২০১৯ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু করে আইসিসি। দুই বছর মেয়াদি প্রতিটি চক্রে অংশ নেয় নয়টি দল। প্রতিটি ম্যাচের জন্য নির্ধারিত পয়েন্ট থাকায় প্রতিযোগিতার প্রায় প্রতিটি ম্যাচই পেয়েছে আলাদা গুরুত্ব।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চালুর পর টেস্ট ক্রিকেটে তুলনামূলকভাবে পিছিয়ে থাকা দলগুলোর সামনে বিগ থ্রির সঙ্গে নিয়মিত খেলার সুযোগও তৈরি হয়েছে। ফলে ছোট দলের বিপক্ষের ম্যাচও এখন আর সহজভাবে নেওয়ার সুযোগ নেই। একটি হারই কখনো কখনো ফাইনালের দৌড়ে বড় পার্থক্য গড়ে দিতে পারে।

পয়েন্ট কাটার নিয়মও বড় দলগুলোকে আরও সতর্ক করেছে। এর প্রভাব আগেও দেখা গেছে—পয়েন্ট হারানোর কারণে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো দলও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারেনি। হেইডেনের চোখে তাই এই প্রতিযোগিতার আলাদা প্রাসঙ্গিকতা আছে।

উইজডেন ক্রিকেটকে দেওয়া সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ার সাবেক এই ওপেনার বলেছেন, ‘দেখুন—এখন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চলছে। এটার একটা প্রাসঙ্গিকতা আছে। এটার মাধ্যমে প্রতিযোগিতার একটা কাঠামো এসেছে এবং প্রতিটি ম্যাচে মানুষের আগ্রহও বেড়েছে।’

প্রতিটি ম্যাচ যে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, সেটি বোঝাতে গিয়ে হেইডেনের উদাহরণ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ। কদিন আগেই নিজেদের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলেছে অস্ট্রেলিয়া। সিরিজ থেকে পূর্ণ ২৪ পয়েন্ট পাওয়ার সুযোগ থাকলেও প্রথম টেস্টে হেরে ১২ পয়েন্ট খুইয়েছে তারা।

হেইডেনের মতে, এখন এই হারানো ১২ পয়েন্টকে ছোট করে দেখার সুযোগ নেই। কারণ অস্ট্রেলিয়ার সামনে অপেক্ষা করছে আরও কঠিন সব সিরিজ। আগামী আট মাসে দক্ষিণ আফ্রিকা, ভারত ও ইংল্যান্ডের বিপক্ষে খেলতে হবে তাদের। সেই কঠিন সূচিতে যদি পয়েন্টের হিসাবটা শেষ দিকে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তখন বাংলাদেশের বিপক্ষে হারানো ১২ পয়েন্টের কথাই মনে পড়তে পারে অস্ট্রেলিয়ার।

হেইডেন বলেন, ‘উদাহরণ হিসেবে অস্ট্রেলিয়া বাংলাদেশের বিপক্ষে একটা ম্যাচে হেরেছে। এটা তাদের জন্য বড় একটা সুযোগ ছিল। এই ১২ পয়েন্ট আপনি ফেরত পাবেন না। আপনি যদি অস্ট্রেলিয়ার সামনের সূচিগুলোর দিকে তাকান, তাহলে দেখবেন আগামী ৮ মাসে তাদের সাউথ আফ্রিকা, ভারত এবং ইংল্যান্ডের বিপক্ষে খেলতে হবে।’

এইচজেএস