এএফসি অ-২০ টুর্নামেন্টের বাছাইয়ে নিজেদের প্রথম দুই ম্যাচেই হেরেছে বাংলাদেশ। সিরিয়ার বিপক্ষে হারের পরই ব্রিটিশ কোচ জেরার্ড জোন্সকে বিদায় করে ফেডারেশন। আজ সহকারী কোচ আতিকুর রহমান মিশুর অধীনে খেলতে নামে বাংলাদেশ। নতুন উদ্দমে খেলার চেষ্টা করেও শেষ পর্যন্ত ৩-০ গোলে ভারতের কাছে হেরে টুর্নামেন্ট শেষ হয় বাংলাদেশের।
কয়েক মাস আগে মালদ্বীপে অনুষ্ঠিত সাফ অ-২০ টুর্নামেন্টে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। কিন্তু চ্যাম্পিয়নরাই আজ এএফসি বাছাই টুর্নামেন্টে ভারতের কাছে হারল।
প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আরও দুই গোল হজম করে। কোচ বদল হলেও দলের পারফরম্যান্সে তেমন কোনো পার্থক্য হয়নি। ভারতই পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করেছে এবং একাধিক গোলের সুযোগ সৃষ্টি করেছে।
বাংলাদেশ উজবেকিস্তানে এই টুর্নামেন্ট খেলতে গিয়েছিল মূলত যুব এশিয়ার কাপের মূল পর্ব নিশ্চিত করতে। গ্রুপ চ্যাম্পিয়ন কিংবা রানার্সআপ তো হতেই পারেনি। চার দলের গ্রুপে অবস্থান তলানিতে। তিন ম্যাচে আট গোল হজমের বিপরীতে এক গোলও দিতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। আগামী বছর সরাসরি বাছাই টুর্নামেন্ট খেলাও অনিশ্চিত হয়ে পড়ছে বাংলাদেশের। কারণ এই আসরের সর্বনিম্ন ছয় দলকে আগামীবার ডেভলপমেন্ট কাপ খেলে আসতে হবে।
বাংলাদেশ অ-২০ দল কোচদের দ্বন্দ্বে কয়েক সপ্তাহ ধরে আলোচনায়। ব্রিটিশ কোচ জেরার্ড জোন্সের সঙ্গে সহকারী কোচ আতিকুর রহমান মিশুর হাতাহাতি হয়েছে। এক পর্যায়ে ঢাকায় পুলিশ ডাকতে বাধ্য হন জোন্স। এমন পরিস্থিতির মধ্যেও বাফুফে দুই কোচকেই উজবেকিস্তান পাঠায়। দলের ম্যানেজার স্বাভাবিক ও পরিস্থিতির উন্নতির কথা বললেও সহকারী কোচ হয়েও মিশু ডাগ আউটে থাকতে পারেননি। শেষ পর্যন্ত দুই ম্যাচ পর জোন্সই বরখাস্ত হন।
এজেড/এমএমএম
