নতুন এক অভিজ্ঞতার মুখোমুখি হতে চলেছেন লেস্টার সিটির সাবেক তারকা স্ট্রাইকার ও ইংল্যান্ডের সাবেক ফুটবলার জেমি ভার্ডি। ৩৯ বছর বয়সী এই অভিজ্ঞ ফরোয়ার্ডের পরবর্তী গন্তব্য ইংলিশ ফুটবলের দ্বিতীয় সারির টুর্নামেন্ট চ্যাম্পিয়নশিপের ক্লাব বার্নলিতে। ক্লাবটির সঙ্গে চলতি মৌসুমের শেষ পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
ভার্ডির বর্ণাঢ্য ক্যারিয়ারের বেশিরভাগ সাফল্যই লেস্টার সিটির জার্সিতে। লেস্টারের হয়ে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ১৪৫টি গোল করার রেকর্ড রয়েছে তার দখলে। ২০১৫-১৬ মৌসুমে লেস্টারের ঐতিহাসিক প্রিমিয়ার লিগ জয়ে তিনি মূখ্য ভূমিকা পালন করেছিলেন ভার্ডি। দীর্ঘ ও সফল এক অধ্যায় শেষে ২০২৫ সালে তিনি লেস্টার ছেড়ে ইতালিয়ান ক্লাব ক্রেমোনেসেতে পাড়ি জমান।
তবে ইতালিতে এক মৌসুম কাটানোর পর গ্রীষ্মকালীন দলবদলে ক্লাবটি ছাড়েন ভার্ডি। এরপরই ফ্রি এজেন্ট হিসেবে তিনি যুক্ত হলেন লিগ টেবিলে সংগ্রাম করতে থাকা বার্নলিতে। চলতি মৌসুমে এখনও পর্যন্ত কোনো জয়ের মুখ না দেখা বার্নলি আপাতত পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে।
নতুন ক্লাবে যোগ দিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই ইংলিশ ফরোয়ার্ড। বার্নলির অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ক্লাবটির সমৃদ্ধ ইতিহাস ও আবেগী সমর্থকদের কথা মাথায় রেখে নিজের সেরাটা উজাড় করে দিতে প্রস্তুত তিনি।
এমএমএম/
