ফুটবল মাঠের বাইরে এবার অন্যরকম এক রোমাঞ্চে লিওনেল স্কালোনি। ইতালিয়ান গ্রাঁ প্রির রেস দেখতে পরিবার নিয়ে মনজা সার্কিটে হাজির হয়ে চমকে দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ। সেখানে দেখা হয়েছে আলপাইনের আর্জেন্টাইন ড্রাইভার ফ্রাঙ্কো কোলাপিন্তোর সঙ্গেও।
ইএসপিএনকে স্কালোনি জানিয়েছেন, মূলত তার ছেলের ফরমুলা ওয়ানের প্রতি ভালোবাসাই তাকে মনজায় টেনে এনেছে। ‘আমি নিজের চেয়ে বেশি ওর জন্যই এসেছি। সে ফরমুলা ওয়ানের ভক্ত। মনজার এই সার্কিটে আসার অভিজ্ঞতাও দারুণ,’ বলেছেন তিনি।
কাছ থেকে আধুনিক এফওয়ান গাড়ি দেখে মুগ্ধ স্কালোনি কোলাপিন্তোর জন্যও শুভকামনা জানিয়েছেন। কোলাপিন্তো সপ্তম স্থান থেকে রেস শুরু করছিলেন, আর তার সতীর্থ পিয়েরে গ্যাসলি ছিলেন পোল পজিশনে। স্কালোনির আশা, ‘কোলাপিন্তো ভালো ফলের যোগ্য। একজন রেসারের জন্য এটি অন্যতম সেরা সার্কিট।’
রেসিংয়ের সঙ্গে সাইক্লিংয়েরও কিছু মিল খুঁজে পান স্কালোনি। তার ভাষায়, অনেক এফওয়ান ড্রাইভারই সাইক্লিং পছন্দ করেন। তবে ঝুঁকির জায়গায় দুই খেলার পার্থক্যও স্পষ্ট—‘এফওয়ান নিশ্চিতভাবেই অনেক বেশি ঝুঁকিপূর্ণ।’
বিশ্বকাপের দীর্ঘ চাপের পর এখন কিছুটা স্বস্তিতে আছেন বলেও জানিয়েছেন স্কালোনি। সামনে নতুন ফিফা উইন্ডো, তাই আবারও আর্জেন্টিনা দলের ব্যস্ততা শুরু হতে যাচ্ছে। তার আগে সুযোগ পেয়ে ফুটবলের বাইরে অন্য এক ‘অটোমোবাইল বিশ্ব’-এর রোমাঞ্চ উপভোগ করলেন বিশ্বজয়ী কোচ।
এইচজেএস
