বিজ্ঞাপন

পাকিস্তান ক্রিকেটের বাজে অবস্থার কারণ জানালেন মিসবাহ

পাকিস্তান ক্রিকেটের বাজে অবস্থার কারণ জানালেন মিসবাহ

লর্ডস টেস্টে পাকিস্তানের হারের পর জাতীয় নির্বাচকের পদ ছাড়েন মিসবাহ উল-হক। এবার বোর্ডের নীতি ও পাকিস্তান ক্রিকেটের কাঠামো নিয়ে সরব হয়েছেন দেশটির সাবেক এই অধিনায়ক। নাম না নিলেও তার সমালোচনার লক্ষ্য যে বোর্ডপ্রধান মহসিন নকভি, তা স্পষ্ট।

মিসবাহর মতে, স্থানীয় ও বিদেশি কোচদের সঙ্গে পাকিস্তান ক্রিকেটে বৈষম্যই দলের পতনের অন্যতম কারণ। বিদেশি কোচদের তুলনায় দেশি কোচদের বেশি সমালোচনার মুখে পড়তে হয়, আবার বিদেশিদের বেশি ক্ষমতাও দেওয়া হয়। তার ভাষায়, ‘দল খারাপ খেললে বিদেশি কোচদের দায় কম হয়। কিন্তু দেশি কোচ হলে তাকেই বেশি সমালোচিত হতে হয়।’

ঘন ঘন কোচ পরিবর্তনের কারণেও ক্রিকেটারদের আত্মবিশ্বাস নষ্ট হচ্ছে বলে মনে করেন মিসবাহ। তার পরামর্শ, পাকিস্তানকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, ধারাবাহিকতা ও ধৈর্যের পথে হাঁটতে হবে।

এ প্রসঙ্গে ভারতের উদাহরণ টেনে তিনি বলেন, রোহিত শর্মা ও বিরাট কোহলির মতো ক্রিকেটারদের সময় দিয়ে ভারত একটি নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করেছে। নব্বইয়ের দশক থেকে ধীরে ধীরে সেই পরিকল্পনার ফল পেয়েছে তারা।

মিসবাহর মতে, পাকিস্তানের আরেকটি বড় সমস্যা তরুণদের সাদা বলের ক্রিকেটে অতিরিক্ত ঝোঁক। তার ভাষায়, ‘তরুণ ক্রিকেটারেরা বড্ড বেশি সাদা বলের ক্রিকেট খেলছে। লাল বলের সঙ্গে পরিচিতি কম, যথেষ্ট চার দিনের ক্রিকেটও খেলছে না। ফলে চাপে পড়ার সম্ভাবনা বাড়ছে। দ্রুত কোনো কিছুরই সমাধান সম্ভব নয়।’

এইচজেএস