বিজ্ঞাপন

বিশ্বকাপ-এশিয়া কাপের বাইরেও ভারত-পাকিস্তান লড়াই দেখা যাবে!

বিশ্বকাপ-এশিয়া কাপের বাইরেও ভারত-পাকিস্তান লড়াই দেখা যাবে!

বিশ্বকাপ, এশিয়া কাপ কিংবা চ্যাম্পিয়নস ট্রফির বাইরেও কি এবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান? অন্তত সেই সম্ভাবনা নিয়ে ভাবছে আইসিসি। পাকিস্তানের একটি সংবাদমাধ্যমের দাবি, তিন বা চার দেশকে নিয়ে নতুন একটি প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা করছে আইসিসি, যেখানে খেলতে আমন্ত্রণ জানানো হতে পারে দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে।

আগামী ২২ ও ২৩ সেপ্টেম্বর দুবাইয়ে আইসিসির বৈঠকে ২০২৭ থেকে ২০৩১ সালের ক্রিকেট সূচি নিয়ে আলোচনা হওয়ার কথা। সেখানেই ভারত-পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় বা চতুর্দেশীয় প্রতিযোগিতার সম্ভাবনাও আলোচনায় আসতে পারে।

১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত নিয়মিতই ত্রিদেশীয় প্রতিযোগিতায় খেলেছে ভারত ও পাকিস্তান। সর্বশেষ ২০০৮ সালের জুনে ভারত, পাকিস্তান ও বাংলাদেশ একটি ত্রিদেশীয় সিরিজে মুখোমুখি হয়েছিল।

তবে এরপর দুই দেশের ক্রিকেট সম্পর্ক বদলে যায়। ২০০৮ সালের মুম্বাই হামলার পর থেকে ভারত-পাকিস্তান কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি। এশিয়া কাপ, বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফির মতো বহুদলীয় টুর্নামেন্টেই কেবল তাদের দেখা হয়েছে।

আইসিসির পরিকল্পনা থাকলেও ভারত তাতে রাজি হবে কি না, সেটিই বড় প্রশ্ন। পাকিস্তানের বিপক্ষে খেলার ক্ষেত্রে বিসিসিআই কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত মেনে চলে। তাই ত্রিদেশীয় বা চতুর্দেশীয় প্রতিযোগিতায় পাকিস্তানের বিপক্ষে ভারতীয় দল পাঠানো হবে কি না, এখনই নিশ্চিত নয়।

এইচজেএস