বিজ্ঞাপন

জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন প্রোটিয়ারা

জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন প্রোটিয়ারা

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তাই পেল না সিকান্দার রাজার জিম্বাবুয়ে। ৪৮ রানের বড় ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন হয়েছে প্রোটিয়ারা। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ২০৫ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ১৫৭ রানে থামে জিম্বাবুয়ের ইনিংস।

শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বিজোর্ন ফরচুন। দলকে ভালো সূচনা এনে দেন দুই ওপেনার কনোর এস্থাহুইজেন ও জর্ডান হারমান। উদ্বোধনী জুটিতে আসে ৪৭ বলে ৮৪ রান। ২৩ বলে ৩২ রান করে আউট হন এস্থারহুইজেন। অন্যদিকে ফিফটি পূরণ করেন হারমান। আউট হওয়ার আগে করেন ২৯ বলে ৫৩ রান।

দলের হয়ে গুরুত্বপূর্ণ ইনিংস দুটি খেলেন ডেওয়াল্ড ব্রেভিস ও রুবিন হারমান। শেষদিকে ক্যামিও ইনিংসটি আসে ডুয়ান ইয়ানসেনের ব্যাট থেকে। ব্রেভিস ২৩ বলে ৩২ ও রুবিন ১৬ বলে ২৭ রান করেন। এছাড়া টনি জর্জি ১৭ রান করেন। মাত্র ১৪ বলে অপরাজিত ২৩ রান করেন ইয়ানসেন। আর ৪ বলে ৭ রান করেন ইথান বোশ।

রান তাড়া করতে নেমে প্রোটিয়া বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি জিম্বাবুয়ের টপঅর্ডার ব্যাটাররা। পাওয়ার প্লেতেই যায় চারটি উইকেট। আসা-যাওয়ার মিছিলে যোগ দেন বাকি ব্যাটাররাও। একমাত্র ব্র্যাড ইভান্সই হাত খুলে খেলতে পেরেছেন। দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন তিনি। বাকি ব্যাটারদের কেউই বিশের কোটা র্স্পশ করতে পারেননি।

দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন ডুয়ান ইয়ানসেন ও বিজোর্ন ফরচুন। ইথান বোশ নেন দুটি উইকেট। আর একটি করে উইকেট পেয়েছেন দুজন বোলার।

এমএমএম/