বিজ্ঞাপন

সাক্ষাৎকার নিয়ে বিতর্কের পর মুখ খুললেন ইমরানের ছেলে

সাক্ষাৎকার নিয়ে বিতর্কের পর মুখ খুললেন ইমরানের ছেলে

লর্ডসে ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকার প্রকাশের পর পাকিস্তান ক্রিকেটে তৈরি হয়েছে বিতর্ক। সেই ঘটনায় এবার মুখ খুলেছেন ইমরানের ছেলে কাসিম খান। তার দাবি, দল মাঠে না নামার হুমকি দিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভিই শেষ পর্যন্ত দেশের সম্মান নষ্ট করেছেন।

ইংল্যান্ডের দ্য টেলিগ্রাফকে কাসিম বলেন, সাক্ষাৎকারটি প্রকাশের পর পাকিস্তান এমন প্রতিক্রিয়া দেখাবে, তা তিনি ভাবেননি। তার ভাষায়, ইংল্যান্ডে ২২ বছর থাকা কোনো সাবেক পাকিস্তানি ক্রিকেটারের সাক্ষাৎকার প্রকাশ না করার অধিকার পিসিবির নেই। সাক্ষাৎকারটিতে কোনো রাজনৈতিক বক্তব্য ছিল না; বরং ইমরানের স্বাস্থ্য ও মানবিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছিল।

লর্ডস টেস্ট চলাকালে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইক আথারটনকে দেওয়া ওই সাক্ষাৎকারে কাসিম ও তার ভাই সুলেমান তাদের বাবা ইমরানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ জানান। তারা অভিযোগ করেন, কারাগারে ইমরানের যথাযথ চিকিৎসা হচ্ছে না।

কাসিমের দাবি, ইমরান এক চোখে প্রায় দেখতেই পান না। তার ভাষায়, বাবাকে নিয়ে সরকারের অবস্থান ‘স্বচ্ছ নয়’ এবং তাকে দীর্ঘ সময় ছোট একটি কক্ষে বন্দি রাখা হচ্ছে।

ইমরান পাকিস্তানের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী। দুর্নীতির মামলায় তিনি কারাবন্দী। তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ জানিয়ে এর আগে সুনীল গাভাস্কার, কপিল দেব, ক্লাইভ লয়েড, গ্রেগ চ্যাপেল, অ্যালান বর্ডার ও ওয়াসিম আকরামসহ সাবেক ক্রিকেটাররা চিকিৎসার আহ্বান জানিয়েছেন।

এইচজেএস