বিজ্ঞাপন

বল টেম্পারিংয়ের দুঃসহ স্মৃতি নিয়ে দক্ষিণ আফ্রিকায় ফিরছেন ৬ অস্ট্রেলিয়ান

বল টেম্পারিংয়ের দুঃসহ স্মৃতি নিয়ে দক্ষিণ আফ্রিকায় ফিরছেন ৬ অস্ট্রেলিয়ান

২০১৮ সালের মার্চে কেপটাউনের নিউল্যান্ডসে কলঙ্কের দাগ লেগেছিল অস্ট্রেলিয়ার ক্রিকেটে। সেই দাগ যখন মুছে যেতে শুরু করেছে, তখনই আবার অস্পষ্ট হলেও ফুটে উঠছে। কারণ স্যান্ডপেপার কেলেঙ্কারির পর প্রথমবার দক্ষিণ আফ্রিকা সফর করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। 

সেই ম্যাচে অধিনায়কত্ব করা স্টিভ স্মিথ এবার দলটির সঙ্গে যাচ্ছেন সহঅধিনায়ক হিসেবে। কোনোভাবে জড়িত না থাকলেও সেই কলঙ্কিত অধ্যায়ের সাক্ষী হিসেবে থাকা প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, নাথান লায়ন ও মিচেল স্টার্ক ফিরছেন দক্ষিণ আফ্রিকায়। তিন টেস্টের জন্য ১৬ জনের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেই দলে আছেন কলঙ্কিত সেই সফরের দলে থাকা ছয় জন। অন্যজন হলেন ম্যাথু রেনশ। চতুর্থ ও শেষ টেস্টের জন্য ডাকা হয় তাকে। তিনি ওই সফরের স্কোয়াডে ছিলেন না। অপরাধ করা খেলোয়াড়রা বাদ পড়ার পর তাকে জোহানেসবার্গে ডাকা হয়েছিল। 

স্যান্ডপেপার কেলেঙ্কারিতে সরাসরি জড়িত থাকার কারণে ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট শাস্তি পান। ঘটনা জেনেও না প্রকাশ করার কারণে স্মিথকে অধিনায়ক হিসেবে দায়িত্বে গাফিলতির অভিযোগে শাস্তি দেওয়া হয়। তিন জনকেই বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করা হয়েছিল।

অস্ট্রেলিয়া সেই সিরিজ ৩-১ এ হেরে যায়। দক্ষিণ আফ্রিকার জয় ছাপিয়ে সিরিজটি আলোচিত হয়েছিল বল টেম্পারিং কাণ্ডে। এবারও একই ভেন্যুতে হবে খেলা। সেই কেপটাউনে ২৭ অক্টোবর হবে তৃতীয় ও শেষ টেস্ট। সিরিজ শুরু হবে ডারবানে ৯ অক্টোবর, দ্বিতীয় ম্যাচ ১৮ অক্টোবর গেবেরহাতে।

অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াড

প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনেমান, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মাইকেল নেসার, ম্যাথু রেনশ, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক ও বেউ ওয়েবস্টার।

এফএইচএম