বিজ্ঞাপন

তদন্তের স্বার্থে দুই খেলোয়াড়ের মোবাইল ফোন ঘাঁটাঘাঁটি করেছে পিসিবি

তদন্তের স্বার্থে দুই খেলোয়াড়ের মোবাইল ফোন ঘাঁটাঘাঁটি করেছে পিসিবি

লর্ডস টেস্টে হারের পর পাকিস্তানের সাত ক্রিকেটারকে স্কোয়াড থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এখানেই শেষ নয়, দলের ব্যর্থতার পর তদন্তের মুখে পড়েছেন বাদ পড়া দুই ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান ও ইমাম উল হক। তদন্তের স্বার্থে এই দুজনের মোবাইল ফোনের তথ্য সংগ্রহ করেছে বোর্ড।

পাক অবজার্ভার এক প্রতিবেদনে জানিয়েছে এই তথ্য। সূত্রগুলো বলছে, লর্ডসে ১৯৪ রানে হারার পর দুই খেলোয়াড়কে নিয়ে শুরু হওয়া তদন্তের পরিধি বাড়ানো হয়েছে। তাদের বিরুদ্ধে অসদাচরণের প্রমাণ পাওয়া গেলে বিশাল অঙ্কের জরিমানা বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। আসতে পারে নিষেধাজ্ঞা।

এই তদন্তে ইমাম ও রিজওয়ানের কার্যকলাপ শুধু নয়, ইংল্যান্ডের থাকার সময় বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে তাদের যোগাযোগ ও আলাপচারিতা খতিয়ে দেখা হচ্ছে। সূত্রগুলো বলছে, ভবিষ্যতে পাকিস্তান দল থেকে দুই খেলোয়াড়ের বাদ পড়ার শঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সবকিছুই নির্ভর করছে তদন্তে কী উঠে আসে তার ওপর।

বিভিন্ন সূত্রে জানা গেছে, লর্ডসে পরাজয়ের পর দল টিম হোটেলে ফেরার পরপর দলের নিরাপত্তা কর্মকর্তারা দুই খেলোয়াড়ের মোবাইল ফোন নিয়ে নেন। তাদের ফোনের তথ্যগুলো অন্য জায়গায় ট্রান্সফার করা হয়। কয়েক ঘণ্টা পরই ফোনগুলো ফিরিয়ে দেওয়া হয়েছিল। তবে ডিভাইস থেকে কোন কোন তথ্য সংগ্রহ করা হয়েছে, সেই ব্যাপারে প্রকাশ্যে কিছু জানানো হয়নি। 

লিডস ও লর্ডসে বড় ব্যবধানে হারের পর বোর্ড এমন ব্যর্থতার কারণ জানতে তৎপরতা শুরু করে। খেলোয়াড়দের দিকেই তাদের সন্দেহের তীর নিক্ষিপ্ত হয়। তবে ফোন নেওয়ার ব্যাপারটি নিশ্চিত করতে অস্বীকার করেন এক পিসিবি মুখপাত্র। ইমাম ও রিজওয়ানের বিরুদ্ধে কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে, সেই ব্যাপারে কোনো মন্তব্য জানা যায়নি বোর্ডের কাছ থেকে।

এফএইচএম