বিজ্ঞাপন

বল নিয়ে কিংবা খালি পায়ে রদ্রির প্রতিটি পদক্ষেপ গুরুত্বপূর্ণ : ফ্লিক

বল নিয়ে কিংবা খালি পায়ে রদ্রির প্রতিটি পদক্ষেপ গুরুত্বপূর্ণ : ফ্লিক

বার্সেলোনার জার্সিতে প্রথমবারের মতো শুরুর একাদশে খেলেছেন রদ্রিগো হার্নান্দেজ। ম্যানচেস্টার সিটির সাবেক তারকা ম্যাচের এক ঘণ্টা (৬২ মিনিট) খেলে ছন্দে ফিরেছেন ধীরে ধীরে। তবে ব্যালন ডি‘অরজয়ী মিডফিল্ডারের পারফরম্যান্স নিয়ে বেশ সন্তুষ্ট কোচ হ্যান্সি ফ্লিক। তিনি বল পায়ে কিংবা বল ছাড়াই রদ্রির প্রতিটি পদক্ষেপকে গুরুত্বপূর্ণ এবং তরুণদের উন্নতিতে কার্যকরী বলে মনে করছেন।

ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৫-০ গোলের বড় জয় পেয়েছে বার্সেলোনা। যা লা লিগার টেবিলে শীর্ষে থাকা দলটিকে ৩ পয়েন্ট ব্যবধানে এগিয়ে দিয়েছে। ম্যাচ শেষে ক্লাবের নতুন সাইনিং রদ্রিকে নিয়ে বার্সা কোচ ফ্লিক বলেন, ‘সে আমাদের দলে আছে বলে আমরা খুশি। মাঠে বল পায়ে সে যা কিছু করে, সবকিছুর মধ্যেই যুক্তি আছে। আক্রমণে বল পায়ে দলকে কাঠামো দেওয়ার পাশাপাশি বল ছাড়া অবস্থায়ও সে গুরুত্বপূর্ণ।’

তরুণ মিডফিল্ডারদের জন্যও এই স্প্যানিশ তারকার উপস্থিতি গুরুত্বপূর্ণ জানিয়ে কোচ বলেন, ‘বার্নালও দারুণ কাজ করছে। তার জন্য এটি একটি ভালো পরিস্থিতি। সে যদি এই সুযোগ সঠিকভাবে কাজে লাগাতে পারে, তাহলে উন্নতি করবে এবং ক্রমেই আরও ভালো খেলোয়াড় হয়ে উঠবে। এই দলবদলের মাধ্যমে আমরাও সেটিই চেয়েছিলাম। রদ্রি অসাধারণ। শুধু মাঠেই নয়, ড্রেসিংরুমেও সে একজন অসাধারণ নেতা। তাকে দলে পাওয়া দারুণ ব্যাপার।’

Image

এদিকে, রদ্রি ও পেদ্রি স্পেনের হয়ে বিশ্বকাপের শুরুতে একসঙ্গে খেলেছিলেন। তবে পরে লুইস দে লা ফুয়েন্তের দলে নিজের জায়গা হারান পেদ্রি। তখন এমন কথাও উঠেছিল যে, দুজন একসঙ্গে খেলতে পারেন না। সেই প্রসঙ্গ তোলায় পেদ্রি বলেন, ‘বলা হয়েছে যে আমরা একসঙ্গে ভালো কাজ করি না। কিন্তু রদ্রির সঙ্গে খেলা খুবই স্বাচ্ছন্দ্যের।’

‘সে প্রায় কখনোই বল হারায় না, আর সেটা রক্ষণে অনেক সাহায্য করে। আমরা একে অপরকে আরও ভালোভাবে বুঝতে পারব এবং যত বেশি ম্যাচ খেলব, আমাদের বোঝাপড়াও তত উন্নত হবে’, আরও যোগ করেন ২৩ বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডার।

এএইচএস