ভারতের কাছে বড় হারের পর মাঠের বাইরের বিতর্কেও জড়াল পাকিস্তান। নারী এশিয়া কাপের ম্যাচ চলাকালে ভারতীয় ক্রিকেটার ক্রান্তি গৌড়কে গ্যালারি থেকে অশালীন মন্তব্য করে হেনস্থা করার অভিযোগ উঠেছে কয়েকজন পাকিস্তানি সমর্থকের বিরুদ্ধে। ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
পাকিস্তানের ইনিংসের সময় বাউন্ডারির কাছে ফিল্ডিং করছিলেন ক্রান্তি। তখন গ্যালারি থেকে কয়েকজন সমর্থক তাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন এবং সে নারী কি না তা নিয়েও প্রশ্ন তুলেন। ওই অংশে মূলত পাকিস্তানের সমর্থকরাই ছিলেন বলে জানা গেছে। তবে মন্তব্যকারীদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
ক্রান্তি অবশ্য সেদিকে না তাকিয়ে খেলাতেই মনোযোগ রেখেছেন। ঘটনাটি নিয়ে ভারতীয় সমর্থকরা সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানি সমর্থকদের সমালোচনা করেছেন। তাদের মতে, মাঠের লড়াইয়ের বাইরে ক্রিকেটারকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।
ঘটনাটি ঘটেছে এমন এক ম্যাচে, যেখানে পাকিস্তান মাত্র ৫৫ রানে অলআউট হওয়ার পর ভারত ৮.৪ ওভারে ৭ উইকেটের জয় পেয়েছে। তাই ম্যাচের ফলের চেয়ে এখন বেশি আলোচনায় ক্রান্তিকে হেনস্থার ভিডিও।
ঘটনাটি নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বা এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি।
এইচজেএস
