বিজ্ঞাপন

শত বছর পর ইতিহাসের হাতছানি, আত্মবিশ্বাসী আর্তেতা

শত বছর পর ইতিহাসের হাতছানি, আত্মবিশ্বাসী আর্তেতা

শুরুটা কঠিন ছিল, কিন্তু শেষটা হলো স্বস্তির। মাত্র ৭৭ সেকেন্ডেই চেলসির বিপক্ষে পিছিয়ে পড়েছিল আর্সেনাল। ম্যাচের শুরুতেই যেন ধাক্কা খেয়েছিল ইংলিশ চ্যাম্পিয়নরা। কিন্তু সেই ধাক্কা সামলে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। আর তাতেই আরও আত্মবিশ্বাস বেড়েছে মিকেল আর্তেতার।

কাই হাভার্টজ ও অধিনায়ক মার্টিন ওদেগার্ডের গোলে ঘুরে দাঁড়ায় আর্সেনাল। চেলসির বিপক্ষে টানা ১০ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডও ধরে রাখে তারা। সব মিলিয়ে মৌসুমের শুরুতে টানা চার জয়—আর্সেনালের জন্য যার গুরুত্ব শুধু তিন পয়েন্টে আটকে নেই। কারণ সামনে ইতিহাসের হাতছানি।

১৯৩০-এর দশকের পর ইংল্যান্ডের শীর্ষ লিগের শিরোপা ধরে রাখার এমন সুযোগ আর আসেনি আর্সেনালের সামনে। গত মৌসুমের সাফল্যের পর এবার তাই চ্যালেঞ্জটা আরও বড়—চ্যাম্পিয়ন হওয়ার পরও নিজেদের মান ধরে রাখা, বরং আরও ওপরে ওঠা। প্রথম চার ম্যাচের পর সেই চ্যালেঞ্জের শুরুটা দেখে আশাবাদী আর্তেতা।

তিনি বলেন, 'আমি মনে করি, এটা আমাদের জন্য একটা ইঙ্গিত যে, গত মৌসুমের চেয়েও উঁচু স্তরের ফুটবল আমরা খেলতে পারি। তবে এটা নির্ভর করছে আমরা কীভাবে সেই আকাঙ্ক্ষার যত্ন নিচ্ছি ও ধরে রাখছি এবং প্রতিদিন নিজের ও দলের আরও একটি উন্নত সংস্করণ খুঁজে পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি তার ওপর।'

প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম তিন ম্যাচে শতভাগ জয় পাওয়া দলের তালিকায় ম্যানচেস্টার সিটির পর এবার আর্সেনালও। তবে আর্তেতা জানেন, এই ধারাটা ধরে রাখা কতটা কঠিন। চার ম্যাচের চার জয় তাকে উচ্ছ্বসিত করছে ঠিকই, কিন্তু সামনে যে আরও কঠিন পথ—সেটাও ভুলছেন না।

তিনি বলেন, 'কদিন আগে আমরা ভিলা পার্কে গিয়েছিলাম এবং সেই ম্যাচ ভীষণ কঠিন ছিল। আজও ফের সেটা হলো। এরপর আমরা সান্ডারল্যান্ডে যাব (আগামী শনিবার), আবারও একই রকম হবে, ভীষণ কঠিন। আমরা জানি, প্রতিটা সপ্তাহ এমনই যাবে এবং আমরা এর জন্য প্রস্তুত।'

এইচজেএস