বিজ্ঞাপন

সম্ভাবনাময় ডিসিপ্লিনে বাড়তি বরাদ্দ ও প্রশিক্ষণ : ক্রীড়া প্রতিমন্ত্রী

সম্ভাবনাময় ডিসিপ্লিনে বাড়তি বরাদ্দ ও প্রশিক্ষণ : ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলাদেশে ফেডারেশন ও এসোসিয়েশনের সংখ্যা পঞ্চাশের বেশি। এশিয়ান কিংবা কমনওয়েলথের মতো বড় গেমসে পদকের তালিকায় নামও থাকে না অনেক সময়। বর্তমনা সরকার ক্রীড়াকে গুরুত্ব দিয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আন্তর্জাতিক অঙ্গনে পদকের সম্ভাবনাময় ডিসিপ্লিনগুলোতে প্রশিক্ষণে বাড়তি বরাদ্দ ও সহায়তা করার ঘোষণা দিয়েছেন।

আজ দুপুরে শহীদ ক্যাপ্টেন মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি আয়োজিত কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে প্রধান অতিথি হিসেবে ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 'সুস্বাস্থ্যের জন্য ক্রীড়া সাংবাদিকদেরও খেলাধুলায় যুক্ত থাকা জরুরি। এই আয়োজন বছরব্যাপী সারাদেশের ক্রীড়া সাংবাদিকদের মধ্যেও ছড়িয়ে দেয়া প্রয়োজন।' আসন্ন এশিয়ান গেমসের পর দেশের ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তন আনার বিষয়ে বলেন, 'আন্তর্জাতিক অঙ্গন থেকে পদক আসতে পারে—এমন ডিসিপ্লিনগুলোকে অগ্রাধিকার দিয়ে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ ও বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।'

এবার ৮ ডিসিপ্লিনের ১২ ইভেন্টে অংশ নেন ক্রীড়া লেখক সমিতির শতাধিক সদস্য। এবারের মো. আবদুল মান্নান লাডু ট্রফি—স্পোর্টসম্যান অব দ্য ইয়ারের পুরস্কার জিতেছেন মিদুল হাসান। সাঁতারে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ক্যারম দ্বৈতে মো. জহিরুল ইসলামের সঙ্গে জুটি বেঁধে শিরোপা জেতেন তিনি। এছাড়া ক্যারম এককে রানারআপ, আর্চারিতে তৃতীয় এবং ১০০ মিটার স্প্রিন্টে রানারআপ হন মিদুল। প্রথম রানারআপ হয়েছেন মনজুর এলাহী শান্ত। শুটিং ও শটপুটে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ক্যারম এককে তৃতীয় হন তিনি। দ্বিতীয় রানারআপ হয়েছেন জাহিদ মুনীর। কলব্রিজে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি টুয়েন্টি নাইনে সুদীপ্ত আহমদ আনন্দের সঙ্গে জুটি বেঁধে শিরোপা জেতেন তিনি। দাবাতেও তৃতীয় হন জাহিদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এ সময় বিশেষ অতিথি হিসেবে তার সঙ্গে ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (কিউট) চেয়ারম্যান এবং ওয়ার্ল্ড আর্চারি এশিয়া ও বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সভাপতি কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল। অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামান। শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমদ আনন্দ। এ ছাড়া প্রতিযোগিতার নানাদিক তুলে ধরেন ক্রীড়া উপ কমিটির চেয়ারম্যান কাজী শহীদুল আলম। একই অনুষ্ঠানে নবীন সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়।

এজেড/এইচজেএস