বিজ্ঞাপন

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকা শিবিরে বড় ধাক্কা

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকা শিবিরে বড় ধাক্কা

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। তবে সিরিজ শুরুর আগেই প্রোটিয়া শিবিরে নেমে এসেছে বড় দুশ্চিন্তার ছায়া। হ্যামস্ট্রিং চোটের কারণে ওয়ানডে দল থেকে ছিটকে গেছেন দলের তারকা পেসার কাগিসো রাবাদা।

প্রোটিয়াদের প্রধান কোচ শুকরি কনরাড রাবাদার পুনর্বাসন প্রক্রিয়া পর্যবেক্ষণ করার কথা জানিয়ে বলেন, ‘রাবাদা ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন এবং আমরা তার পুনর্বাসনের বিষয়টি প্রতিনিয়ত পর্যবেক্ষণ করছি। আমরা যখন টেস্ট দল বাছাই করতে বসব, তখন সব তথ্য বিচার-বিশ্লেষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। ফিজিওদের দেওয়া রিপোর্ট অনুযায়ী তার সুস্থতার প্রক্রিয়া বেশ ভালোভাবে এগোচ্ছে।’

রাবাদার ঘরোয়া পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের তথ্যমতে, এই চোট থেকে সম্পূর্ণ সেরে উঠতে রাবাদার প্রায় ১০ সপ্তাহ সময় লাগতে পারে। তেমনটি হলে অক্টোবরের ৯ তারিখ থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টেস্ট সিরিজেও এই পেসারকে ছাড়াই মাঠে নামতে হতে পারে স্বাগতিকদের।

বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে ঘোষিত এই শক্তিশালী ওয়ানডে দলে নেতৃত্ব দেবেন নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা। কেন্দ্রীয় চুক্তিতে না থাকলেও স্কোয়াডে জায়গা পেয়েছেন অভিজ্ঞ কুইন্টন ডি কক ও ডেভিড মিলার।

এদিকে রাবাদার অনুপস্থিতিতে প্রায় তিন বছর পর ওয়ানডে স্কোয়াডে ফিরেছেন জেরাল্ড কোয়েটজি। পেস আক্রমণে তার সঙ্গী হিসেবে থাকছেন মার্কো ইয়ানসেন, লুঙ্গি এনগিডি, করবিন বোশ, কোয়েনা মাপাকা ও ওটনিল বার্টম্যান।  

এমএমএম/