বিজ্ঞাপন

তিন ম্যাচ পরই চাকরি হারালেন ফিওরেন্তিনা কোচ

তিন ম্যাচ পরই চাকরি হারালেন ফিওরেন্তিনা কোচ

মৌসুমের শুরুটা যে এত দ্রুত দুঃস্বপ্নে পরিণত হবে, তা হয়তো ভাবেনি ফিওরেন্তিনা। সিরি আ-তে টানা তিন ম্যাচ হারার পরই কোচ ফ্যাবিও গ্রসোর ওপর থেকে আস্থা সরিয়ে নিল ক্লাব। দায়িত্ব নেওয়ার মাত্র তিন ম্যাচের মাথায় বিদায় নিতে হলো ইতালিয়ান এই কোচকে।

শুরুতেই কঠিন সূচি। রোমার বিপক্ষে প্রথম ম্যাচে হার, এরপর ফ্রোসিনোনে ও তুরিনোর বিপক্ষে পরাজয়। এর মধ্যে শেষ দুটির দুটিই নিজেদের মাঠ স্তাদিও আরতেমিও ফ্রাঙ্কিতে। তিন ম্যাচে তিন হার, কোনো পয়েন্ট নেই—এর সঙ্গে ফিওরেন্তিনার গোল হজমের সংখ্যা দাঁড়িয়েছে ৯-এ।

শনিবার তুরিনোর কাছে ২-১ গোলে হারের পরই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ম্যাচ শেষে ক্ষুব্ধ সমর্থকেরা প্রতিবাদে সরব হন, গ্যালারি থেকে ওঠে গ্রসোর পদত্যাগের দাবি। এরপরই আসে ক্লাবের সিদ্ধান্ত—শেষ হয়ে যায় ফিওরেন্তিনার বেঞ্চে গ্রসোর অধ্যায়।

অথচ সময়টা ছিল নতুন শুরুর। সাসুওলো ছেড়ে এই গ্রীষ্মেই ফিওরেন্তিনার দায়িত্ব নিয়েছিলেন গ্রসো। ক্লাবের নতুন প্রকল্পকে সামনে এগিয়ে নিতে স্পোর্টিং ডিরেক্টর ফ্যাবিও পারাতিচির পছন্দ ছিলেন তিনি। সেই পরিকল্পনা অবশ্য শুরু হওয়ার আগেই থেমে গেল।

মাত্র তিনটি লিগ ম্যাচের পরই চাকরি হারিয়ে চলতি মৌসুমে সিরি আ-তে প্রথম বরখাস্ত হওয়া কোচও হলেন গ্রসো।

এইচজেএস 

বিজ্ঞাপন