লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো কে সেরা ফুটবলার? এই বিতর্ক বহু বছরের। মাঝে নেইমার জুনিয়রকেও কেউ কেউ এই তুলনায় টেনেছেন। তবে এই বিতর্কের সমাপ্ত না হলেও মেসিকেই বেশিরভাগ মানুষ এগিয়ে রাখেন। এবার কোনো বিতর্ক ছাড়াই কিলিয়ান এমবাপে বললেন তিনিই বর্তমান সময়ের সেরা ফুটবলার।
নিজের সামর্থ্য নিয়েও এমবাপের আত্মবিশ্বাসে ঘাটতি নেই। তিনি বলেন, 'আমি সব সময়ই মনে করি, আমিই বিশ্বের সেরা খেলোয়াড়। তবে সবার নিজস্ব মত আছে। মানুষ হয়তো ভিন্নভাবে ভাবতে পারে। এটা নিয়ে আমাদের আলোচনা করার প্রয়োজন আছে বলে মনে করি না।'
গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে ৪৪ ম্যাচে ৪২ গোল করেছেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। ব্যক্তিগত পারফরম্যান্সে দুর্দান্ত সময় কাটালেও দলীয়ভাবে মৌসুমটি অবশ্য ট্রফিশূন্য কেটেছে। এরপর বিশ্বকাপে ফ্রান্সের হয়ে ১০ গোল করে জিতেছেন গোল্ডেন বুট। বিশ্বকাপ ক্যারিয়ারে তার মোট গোল এখন ২২, যা এই প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ। তবে ফ্রান্সকে শেষ পর্যন্ত সন্তুষ্ট থাকতে হয়েছে চতুর্থ স্থান নিয়ে।
এই পারফরম্যান্সই এবার ব্যালন ডি’অরের আলোচনায় এমবাপেকে আরও জোরালোভাবে সামনে এনেছে। এমবাপে নিজেও মনে করেন, রিয়াল মাদ্রিদের খেলোয়াড় হওয়ার কারণে এই পুরস্কারের সঙ্গে তার নাম জড়িয়ে যাওয়া স্বাভাবিক।
তিনি বলেন, 'আপনি যখন রিয়াল মাদ্রিদের হয়ে খেলবেন, তখন মানুষ আপনাকে এই পুরস্কারের সঙ্গে যুক্ত করবে। কারণ রিয়াল মাদ্রিদ বিশ্বের সেরা ক্লাব। অনেকেই আমাকে এবং ব্যালন ডি’অর নিয়ে কথা বলছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় আমি ইতিহাস গড়েছি। হয়তো এবার এটার জন্য ভালো একটি বছর হতে পারে। তবে মানুষ তাদের নিজেদের বিবেচনা অনুযায়ী ভোট দেবে।'
ব্যালন ডি’অরের মঞ্চে এমবাপের সেরা অবস্থান এখন পর্যন্ত তৃতীয়। ২০২৩ সালে পিএসজির খেলোয়াড় থাকাকালে এই অবস্থানে উঠেছিলেন তিনি।
এইচজেএস
