নতুন মৌসুমকে ঘিরে বড় এক বার্তা দিয়েছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। চ্যাম্পিয়ন্স লিগের বিগত দুই মৌসুমে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারলেও এবার শিরোপা পুনরুদ্ধারের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী।
বিগত দুই বছরের ব্যর্থতা ভুলে এবার চ্যাম্পিয়ন্স লিগে ভিন্ন রূপ দেখাবে রিয়াল। লিগ পর্বের শুরুতেই সেরা আট দলের মধ্যে জায়গা করে নেওয়া তাদের প্রথম লক্ষ্য।
রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র বলেন, ‘আমি আশা করি ১৬তম শিরোপাটি আসবে। আমরা এর জন্য প্রস্তুত। এটি আমাদের প্রতিযোগিতা। আমরা দুই বছর ধরে ভালো পারফর্ম করিনি। আমাদের প্রথম লক্ষ্য হলো শীর্ষ আটটি দলের মধ্যে থাকা। আমরা সবসময় চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে রোমাঞ্চিত। চ্যাম্পিয়ন্স লিগে এই মৌসুমটি আগের দুই মৌসুমের থেকে আলাদা হবে এবং আমরা এটি জিতব।’
ইন্টার মিলানের বিরুদ্ধে আসন্ন ম্যাচ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘যখনই চ্যাম্পিয়ন্স লিগ আসে, জিনিসগুলো সবসময় আলাদা হয়। আমরা একটি বড় দলের বিরুদ্ধে এই ম্যাচের জন্য প্রস্তুত যা আমাদের অনেক কিছু দিতে বাধ্য করবে। ইন্টার শারীরিকভাবে খুব শক্তিশালী একটি দল এবং তারা পাঁচজন ডিফেন্ডার নিয়ে রক্ষণভাগ সামলায়, যা সাধারণত আমাদের কঠিন পরিস্থিতিতে ফেলে, তবে কোচ সবকিছু প্রস্তুত করেছেন।’
‘আমাদের কিছু খেলোয়াড়ের অনুপস্থিতি রয়েছে এবং এটি আমাদের জন্য বিষয়গুলোকে আরও কঠিন করে তোলে, তবে আমরা সবাই শক্ত হয়ে মাঠে নামব এবং আশা করি এই ম্যাচগুলোর সময় ভক্তদের সাথে সেই চমৎকার মেলবন্ধন তৈরি করতে পারব।’
এমএমএম/
