থাইল্যান্ডকে বড় ব্যবধানে হারালেও প্রশ্নবিদ্ধ ছিল বাংলাদেশের ব্যাটিং। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষেও ব্যাটারদের পারফরম্যান্স ছিল দৃষ্টিকটু। ম্যাচটি হেরে যাওয়ায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তাদের লড়াই হয়ে দাঁড়িয়েছে বাঁচা-মরার। এশিয়া কাপের সেমিফাইনালে উঠতে ম্যাচটি জিততেই হবে নিগার সুলতানা জ্যোতিদের।
প্রথম দুই ম্যাচে বাংলাদেশের স্কোর ছিল ১২৯ ও ১১৪। ব্যাটিংয়ে তো বটেই, ফিল্ডিংয়েও উন্নতি করতে হবে তাদেরকে। শ্রীলঙ্কার বিপক্ষে অল্প পুঁজিতেও ভালো লড়াই করেছিল তারা। কিন্তু মিসফিল্ডিংয়ের খেসারত দিতে হয়েছে।
দলের তারকা ব্যাটার সোবহানা মোস্তারি বলেছেন, ‘শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ওয়ানডে বিশ্বকাপে আমরা ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ের ওপর ব্যাপকভাবে মনোযোগ দিয়েছিলাম। কিছু নির্দিষ্ট জায়গায় আমাদের সত্যিই উন্নতি করতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত, আমরা ক্যাচ (গুরুত্বপূর্ণ মুহূর্তে) মিস করি নয়তো ভুল ফিল্ডিং করি। আমাদের ব্যাটিং ও ফিল্ডিংয়ে উন্নতি করতে হবে।’
এই ম্যাচ জিতলে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে সেমিফাইনাল খেলতে হবে বাংলাদেশকে। তবে এখনই সেই ম্যাচের প্রতিপক্ষকে নিয়ে ভাবছে না তারা। এমনকি আগের দুই ম্যাচের ব্যাটিং ব্যর্থতা নিয়েও দুশ্চিন্তা করছে না। মোস্তারি আমিরাতকে সমীহ করে বললেন, ‘সংযুক্ত আরব আমিরাত একটি ভালো দল। এখন আমাদের মনোযোগ শেষ ম্যাচে এবং আমাদের এটা জিততে হবে।’
বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দুবাইয়ে মুখোমুখি হবে দুই দল।
এফএইচএম
