বিজ্ঞাপন

৬ উইকেটে সান্ধুর ইতিহাস, সেমিফাইনালে পাকিস্তান

৬ উইকেটে সান্ধুর ইতিহাস, সেমিফাইনালে পাকিস্তান

দেশের নারী টি-টোয়েন্টি ইতিহাসে প্রথমবার কোনো বোলারকে ৬ উইকেট নিতে দেখল পাকিস্তান। ভারতের কাছে বিপর্যস্ত দলটি হংকংকে গুঁড়িয়ে দিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালে উঠে গেল।

অবিশ্বাস্য বোলিং করেছেন বাঁহাতি স্পিনার নাশরা সান্ধু। পাওয়ার প্লের পর বল হাতে নেন তিনি। ততক্ষণে পরপর দুটি উইকেট হারিয়ে ফেলে হংকং। ইনিংসের প্রথম ওভারের শেষ বলে অধিনায়ক ফাতিমা সানা ১ রানে ওপেনিং জুটি ভাঙেন। পরের ওভারের প্রথম বলে আরেক ওপেনারকে ফেরান সাদিয়া ইকবাল।

বল হাতে নিয়ে সান্ধু প্রথমে বাঁহাতি জুটি ইয়াসমিন দাসওয়ানি ও ক্যারি চ্যানের ছোট্ট প্রতিরোধ ভেঙে দেন। দুই বল পর চার বলের ব্যবধানে আরও দুটি উইকেট তুলে নেন তিনি। ৪০ রানে ৫ উইকেট হারিয়ে তাদের অলৌকিক প্রত্যাবর্তনের স্বপ্নও ভেঙে যায়।

ইনিংসের ১৩তম ওভারে হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেছিলেন সান্ধু। পারেননি। তবে ওই ওভারেই নিজের ষষ্ঠ উইকেট তুলে নেন। প্রথমবার এই স্পিনার টি-টোয়েন্টিতে পাঁচ উইকেট নিলেন। শেষ করেছেন পাকিস্তানের নারী ক্রিকেটে সেরা বোলিং ফিগার গড়ে। ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৬ উইকেট। 

এর আগে পাকিস্তান তাদের ওপেনার শাওয়াল জুলফিকারের ব্যাটে ১৪৩ রানের চ্যালেঞ্জিং স্কোর করে ৮ উইকেটের বিনিময়ে। ৪৭ রান করেন তিনি ৩৫ বলে। তারপর আয়েশা জাফরের ২৬ ও ফাতিমার ২৪ রান কার্যকরী অবদান রাখে।

এই তিন জন  বাদে পাকিস্তানের অন্য ব্যাটাররা জয়লিন কৌরের বোলিংয়ে হাপিত্যেশ করেছে। হংকংয়ের এই বোলার চার উইকেট নেন। কিন্তু তাকে ছাপিয়ে গেছেন সান্ধু। ১৯ ওভারে হংকংকে ৭১ রানে গুটিয়ে দিতে অগ্রপথিকের ভূমিকায় ছিলেন তিনি।

৭২ রানের এই জয়ে পাকিস্তান সেমিফাইনালে উঠেছে। তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ভারত তাদের সেমিফাইনাল প্রতিপক্ষ কে জানার অপেক্ষা করছে। আজ রাতেই বাংলাদেশ ও আমিরাত ম্যাচ শেষে সেই প্রশ্নের উত্তর মিলবে।

এফএইচএম