অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (বিবিএল) খেলার জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) পূর্ণকালীন কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়িয়েছেন অলরাউন্ডার মার্ক চ্যাপম্যান। এখন থেকে আংশিক চুক্তিতে জাতীয় দলের প্রতিনিধিত্ব করবেন তিনি। এই নতুন চুক্তির ফলে নিউজিল্যান্ডের ঘরোয়া মৌসুমে খেলার বাধ্যবাধকতা থাকছে না, যার ফলে ফ্র্যাঞ্চাইজি লিগে অংশগ্রহণের পূর্ণ স্বাধীনতা পাবেন চ্যাপম্যান।
মূলত আগামী ডিসেম্বরে শুরু হতে যাওয়া বিবিএলে অংশ নেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন চ্যাপম্যান। নিউজিল্যান্ডের মূল ঘরোয়া মৌসুমের সময়েই এই লিগটি অনুষ্ঠিত হয়। ক্যাজুয়াল চুক্তিতে আসার কারণে তিনি ফিন অ্যালেন, লকি ফার্গুসন, অ্যাডাম মিলনে ও টিম সেফার্টের মতো তারকাদের তালিকায় যুক্ত হলেন, যারা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজেদের সুবিধামতো খেলার জন্য বোর্ডের সঙ্গে আংশিক চুক্তিতে রয়েছেন।
তবে নিউজিল্যান্ড জাতীয় দলের জার্সিতে তার প্রতিশ্রুতি বহাল থাকছে। ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাওয়ার আগে আগামী নভেম্বরে ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক হোয়াইট-বল সিরিজে নিউজিল্যান্ডের হয়ে মাঠে নামবেন তিনি।
ম্যার্ক চ্যাপম্যান জানিয়েছেন, নিউজিল্যান্ড ক্রিকেটের সার্বিক সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞ এবং আসন্ন ভারত সিরিজ নিয়ে অত্যন্ত আশাবাদী।
অন্যদিকে, চ্যাপম্যান কেন্দ্রীয় চুক্তি ছেড়ে দেওয়ায় নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তির তালিকায় একটি জায়গা হয়। বোর্ডের সেই শূন্যস্থানে দ্রুতগতির পেসার ম্যাট ফিশারকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নিউজিল্যান্ডের নির্বাচক গ্যাভিন লারসেন ফিশারের অন্তর্ভুক্তির বিষযে ইতিবাচক মতামত দিয়েছেন। তিনি জানান, সামনে ভারত, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ রয়েছে। এসব লম্বা ও কঠিন সিরিজের কথা মাথায় রেখে পেস বোলিংয়ের গভীরতা এবং দলের ভারসাম্য বজায় রাখতে এক্সপ্রেস গতির বোলার ম্যাট ফিশারকে পূর্ণকালীন চুক্তিতে আনা বেশ কার্যকর ভূমিকা রাখবে।
এমএএম/
