অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজে খেলা হয়নি নাহিদ রানার। চোটের কারণে খেলতে না পারলেও এই গতি তারকাকে নিয়ে আগ্রহ কমেনি অজিদের। নাহিদ রানাকে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশে খেলাতে আলাপ আলোচনা করছে কয়েকটি দল।
রানার ঘনিষ্ঠ একটি সূত্র ঢাকা পোস্টকে এমনটিই জানিয়েছে। অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট সিরিজে না থাকলেও নাহিদ রানা দেশের মাটিতে অজিদের বিপক্ষে সিরিজে খেলেছিলেন। যে কারণে তার প্রতি আগ্রহ দেখিয়েছে তিনটি দল।

ডানহাতি এই পেসারকে দলে পেতে প্রাথমিকভাবে আগ্রহ প্রকাশ করেছে অ্যাডিলেড স্ট্রাইকার্স ও মেলবোর্ন রেনেগেডস, পার্থের মতো দল। বিগ ব্যাশ আয়োজিত হবে ডিসেম্বর-জানুয়ারি মাসে। এসময় বিপিএল আয়োজিত না হওয়ায় বিসিবির অনাপত্তিপত্র পেলে সাকিব আল হাসান ও রিশাদ হোসেনের পর তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশে দেখা যেতে পারে নাহিদ রানাকে।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে পাওয়া চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে খেলা হয়নি রানার। চোট থেকে সেরে উঠছেন এই গতি তারকা। সামনেই আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ রয়েছে টাইগারদের। যেখানে ফেরার জন্য প্রস্তুত রয়েছেন নাহিদ রানা।
এসএইচ/এফআই
