বাংলাদেশ জাতীয় দলের হয়ে একসময় কাজ করেছেন মারিও ভিলভারায়ন। ২০২০ সালে দায়িত্ব ছেড়ে দেন তিনি। নতুন করে মারিওকে আবারও ফিরিয়ে আনল বিসিবি। দীর্ঘ বিরতির পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) রিহ্যাব সেন্টারের প্রধানের দায়িত্ব নিয়ে বাংলাদেশে ফিরেছেন সাবেক এই স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ।
বাংলাদেশে ফেরার পর আজ প্রথমবারের মতো মিরপুরে দেখা গেল মারিওকে। ক্রিকেটারদের সঙ্গে পরিচয়পর্ব দেখেই বোঝা গেল পুরোনো সম্পর্ক বেশ ভালোই রয়েছে তার। ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত দীর্ঘ ৬ বছর তিনি সফলভাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ট্রেনার বা কন্ডিশনিং কোচ হিসেবে কাজ করেছিলেন।
তবে ২০২০ সালে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দ্রাবাদে যোগ দেওয়ার কারণে তিনি বিসিবির দায়িত্ব থেকে পদত্যাগ করেন। মারিও এবার জাতীয় দলের সরাসরি কন্ডিশনিং কোচ হিসেবে নন, বরং বিসিবির রিহ্যাব বা পুনর্বাসন সেন্টারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। ২০২৩ সালে জুলিয়ান ক্যালেফাতো পদত্যাগের পর এই পদটি খালি ছিল।
এ ছাড়া খেলোয়াড়দের চোট থেকে ফিরে আসার জন্য যে পুনর্বাসন কার্যক্রম দরকার, সেটার তদারকি করার পাশাপাশি বাংলাদেশের স্থানীয় ট্রেনারদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে কাজ করবেন মারিও।
বিসিবির সাথে চুক্তি অনুযায়ী, আইপিএল চলাকালীন সময়ে তিনি ছুটি পাবেন এবং বছরের বাকি নির্দিষ্ট সময় বাংলাদেশে নিজের দায়িত্ব পালন করবেন।
এসএইচ
