আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে কলকাতা নাইট রাইডার্সের নেতৃত্বে কে থাকছেন- তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। এবার এই বিষয়ে মুখ খুললেন মিস্টার আইপিএল খ্যাত ভারতের সাবেক ক্রিকেটার সুরেশ রায়না। তার মতে, কেকেআরের নতুন অধিনায়ক খোঁজার কোনো দরকারই নেই। কেননা দলের ভেতরই রয়েছেন উপযুক্ত নেতা।
সম্প্রতি ইউপি টি-টোয়েন্টি লিগে মিরাট ম্যাভেরিকসের হয়ে দুর্দান্ত অধিনায়কত্ব দেখিয়ে শিরোপা জিতেছেন রিঙ্কু। অধিনায়ক হিসেবে পুরো টুর্নামেন্টের ১০টি ম্যাচের মধ্যে ৯টিতেই জয় এনে দিয়েছেন তিনি। উত্তরপ্রদেশের এই তরুণ ব্যাটারের এমন নেতৃত্বে মুগ্ধ হয়ে সুরেশ রায়না কেকেআর ম্যানেজমেন্টকে পরামর্শ দিয়েছেন রিঙ্কুর ওপর বিশ্বাস রাখার।
সুরেশ রায়না বলেন, ‘রিঙ্কু সিং অসাধারণ অধিনায়কত্ব করেছে। কেকেআর একজন ভালো অধিনায়ক খুঁজছে, কিন্তু আমার মনে হয় তারা অধিনায়ক পেয়েই গেছে। রিঙ্কুর ওপর কিছুটা ভরসা রাখুন। তাকে কয়েকটি ম্যাচে সুযোগ দিন, অসাধারণ কিছু ঘটে যেতেই পারে।’
২০১৮ সাল থেকে কেকেআরের হয়ে খেলে আসছেন রিঙ্কু সিং। আইপিএলের ২০২৫-এর মেগা নিলামের আগে তাকে ১৩ কোটি টাকায় ধরে রেখেছিল নাইট রাইডার্স। ২০২৬ মৌসুমেও তাকে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়।
গত জুলাইয়ে অজিঙ্কা রাহানে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কেকেআরের অধিনায়কত্ব এখন খালি পড়ে রয়েছে। এই পরিস্থিতিতে ২০২৭ সালের আইপিএলের জন্য রিঙ্কু সিংকেই সেরা বিকল্প হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
এমএমএম/
