বিজ্ঞাপন

সাঈদ আজমলের দাবি

‘ক্রিকেটে পাকিস্তান ১০ বছর পিছিয়ে গেছে’

‘ক্রিকেটে পাকিস্তান ১০ বছর পিছিয়ে গেছে’

ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজে পর্যদুস্ত হয়েছে পাকিস্তান। এমন পরিস্থিতিতে সরাসরি হস্তক্ষেপ করেছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। প্রধান কোচ সরফরাজ আহমেদের সঙ্গে সাত খেলোয়াড়কে দেশে ফেরত পাঠানো হয়েছে। এমন সিদ্ধান্তে তীব্র সমালোচনার শিকার হয়েছে পিসিবি। সাবেক পাকিস্তান স্পিনার সাঈদ আজমলও যোগ দিলেন সমালোচকদের কাতারে।

আজমলের দাবি, সমালোচকদের চেয়ে পিসিবিই পাকিস্তান খেলোয়াড়দের মনোবল ভেঙে দিতে বেশি ভূমিকা রাখছে। যদিও বোর্ড প্রধান মহসিন নাকভি নিজেই সমালোচকদের উদ্দেশ্যে খেলোয়াড়দের লক্ষ্য করে সমালোচনা বন্ধের আহ্বান জানিয়েছেন। কিন্তু আজমলের মনে হয়, ঘটছে উল্টোটা।

সামা টিভি-র সঙ্গে আলাপকালে সাবেক পাকিস্তান তারকা দাবি করলেন, বর্তমান সংকট তৈরির জন্য বোর্ড নিজেই দায়ী। ৩৬২টি আন্তর্জাতিক উইকেট নেওয়া সাবেক স্পিনার বললেন, ‘বোর্ড নিজেই অন্য যে কারও চেয়ে বেশি খেলোয়াড়দের মনোবলে আঘাত করছে। কোনো খেলোয়াড়কে দাঁড়াতে দিচ্ছে না। কিছু খেলোয়াড় ভালো করলেও বাদ পড়েছে। কয়েকজন খেলোয়াড়কে তো পিসিবি অপমান করেছে। আকিব জাভেদ (পাকিস্তান নির্বাচক) ও মাইক হেসন (তৃতীয় টেস্টের দায়িত্ব পাওয়া কোচ) একটি দল। এই দুজন সবকিছু নিয়ন্ত্রণ করছে এবং এই পুরো হট্টগোলের জন্য তারা দায়ী। পুরো বিষয়টিই অহংকারবোধের ব্যাপার।’

জাতীয় দলের গতিপথ নিয়েও প্রশ্ন তুলেছেন আজমল। দূরদর্শী পরিকল্পনা গ্রহণে বোর্ড ব্যর্থ হচ্ছে বলে তার অভিযোগ, ‘আমাদের দল ১০ বছর পিছিয়ে গেছে। আমরা ভবিষ্যতের পরিকল্পনা করিনি।’

এফএইচএম