সৌদি প্রো লিগের চ্যাম্পিয়ন আল নাসর। চার ম্যাচ টানা জয়ের পর চলতি মৌসুমের প্রথম হার দেখেছে আল ইত্তিহাদের কাছে। তাদের সঙ্গে ব্যবধান ৬ পয়েন্টে বাড়ানোর সুযোগ ছিল শীর্ষে থাকা আল হিলালের।
টানা ৪৭ ম্যাচ অপরাজিত ছিল আল হিলাল। পাঁচ ম্যাচ টানা জিতে শতভাগ সাফল্যের রেকর্ড ধরে রেখেছিল। কিন্তু সোমবার নিওমের কাছে ২-০ গোলে হার দেখল তারা। ২১ বারের রেকর্ড চ্যাম্পিয়নরা ৪৮তম ম্যাচে এসে প্রথম পরাজয়ের স্বাদ পেল।
গত বছর জুনে ইন্টার মিলান থেকে আসার পর কোচ সিমন ইনজাঘির জন্য লিগে এটাই প্রথম হার। সব মিলিয়ে ৫৫ ম্যাচে প্রথম পরাজয়ের স্বাদ পেলেন এই কোচ। ষষ্ঠ ম্যাচে প্রথম হারের পরও শীর্ষে আছে আল হিলাল। ১৫ পয়েন্ট তাদের। তবে দলটির পরাজয়ের সুযোগ নিয়ে লিগের শীর্ষ পয়েন্ট ছুঁতে পারে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। এক ম্যাচ কম খেলে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আল নাসর। বৃহস্পতিবার রাতে আবহার মুখোমুখি হবে তারা।
এদিন আল হিলাল শক্তিশালী দল নিয়ে মাঠে নেমেছিল। প্রিমিয়ার লিগ ক্লাবগুলো থেকে সব মিলিয়ে ২০ কোটি ডলারের বেশি খরচ করেছিল তারা দলবদলের বাজারে। ব্রাজিলের আন্তর্জাতিক তারকা গ্যাব্রিয়েল মার্তিনেলি আর্সেনাল থেকে বৃহস্পতিবার রিয়াদে এসে এদিন প্রথমবার শুরুর একাদশে জায়গা পান। এর চার দিন আগে অ্যাস্টন ভিলা থেকে আসেন স্ট্রাইকার অলি ওয়াটকিন্স। জুলাইতে ওয়েস্ট হ্যাম থেকে এসেছিলেন ক্রাইসেন্সিও সামারভিলে।
আক্রমণভাগের জন্য প্রচুর অর্থ ঢাললেও চলতি মৌসুমে প্রথমবার প্রতিপক্ষের জাল খুঁজে পেল না আল হিলাল। ১৫ মিনিট পর তারা পিছিয়ে পড়ে সাবেক চেলসি ডিফেন্ডার কালিদু কুলিবালির আত্মঘাতী গোলে। আইভরি কোস্ট মিডফিল্ডার আমাদু কোনে হাফটাইমের আগে দ্বিতীয় গোল করেন।
এফএইচএম
