বিজ্ঞাপন

সাবেক ক্রিকেটারের অভিযোগ

‘ইংল্যান্ডে ভারতের জন্য পাঁচ আর পাকিস্তানের জন্য তিনদিনের পিচ দেওয়া হয়’

‘ইংল্যান্ডে ভারতের জন্য পাঁচ আর পাকিস্তানের জন্য তিনদিনের পিচ দেওয়া হয়’

সিরিজের মাঝপথে বড় রদবদলের বিতর্কিত সিদ্ধান্ত নেওয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিয়ে আলোচনা-সমালোচনা এখনও শেষ হয়নি। এরই মাঝে ইংল্যান্ডের বিরুদ্ধে বিতর্কিত অভিযোগ তুললেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাজিদ খান। তার মতে, ইংল্যান্ড সফরে ভারতের জন্য পাঁচদিনের পিচ বানানো হলেও, পাকিস্তানকে খেলতে দেওয়া হয় তিনদিনের পিচে।

ইংলিশদের বিপক্ষে ইতোমধ্যে অনুষ্ঠিত দুটি টেস্টে হেরে বাবর আজমের দল সিরিজ হাতছাড়া করেছে। লিডসে অনুষ্ঠিত প্রথম টেস্ট শেষ হয়েছিল আড়াইদিনে, আর বৃষ্টির কল্যাণে লর্ডস টেস্ট চতুর্থ দিন পর্যন্ত গড়ায়। দিনের হিসাবটা আলোচনায় এলেও পাকিস্তানের ব্যাটিং বিপর্যয় ছিল স্পষ্ট। কিন্তু দ্রুত খেলার ফলাফল আসাকে কেন্দ্র করে ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে হাজির হলেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার বাজিদ।

আয়োজক দেশটির বিরুদ্ধে অভিযোগ তুলে ‘আউটসাইড এজ’ অনুষ্ঠানে বাজিদ বলেছেন, ‘যখন ভারতীয় দল ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলতে যায়, এমন পিচ দেওয়া হয় যাতে ম্যাচটি পাঁচ দিনে গড়ায়। ভারতের প্রতিটি টেস্ট ম্যাচ পঞ্চম দিন পর্যন্ত গেছে। কেন? কারণ যদি খেলা দ্রুত শেষ হয়, তাহলে আর্থিকভাবে আঘাত পাবে বোর্ড (ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড)। অন্য কোনো দল ইংল্যান্ডে গেলে, টেস্ট তিন দিনেই শেষ হয়ে যায়।’

‘এটি এমন নয় যে পিচের আচরণ বদলে গেছে। আপনি সেভাবেই পিচ প্রস্তুত করছেন, যাতে ভারতীয় ম্যাচ পাঁচদিন পর্যন্ত টিকে থাকে’, আরও যোগ করেন সাবেক এই পাক ক্রিকেটার। যেকোনো দেশেই ভারতীয় দলের প্রতিটি সফরে এই দৃশ্যের মিল আছে বলেও দাবি বাজিদের, ‘ভারত যখন সফরে আসে, তখন সেটিকে টাকা আয়ের সুযোগ হিসেবে দেখা হয়। তবে এটি আইসিসির কোনো সিদ্ধান্ত নয়। এসব তো দ্বিপাক্ষিক সিরিজ।’

২০২৫ সালে ইংল্যান্ডে সর্বশেষ টেস্ট সফরে গিয়েছিল ভারত। পাঁচ টেস্টের ওই সিরিজ শেষ হয়েছিল ২-২ সমতায় এবং ৫টি টেস্ট পুরো ২৫ দিনেই গড়িয়েছিল। বিপরীতে পাকিস্তান-ইংল্যান্ডের লিডস টেস্ট শেষ পুরো তিন দিনও খেলা হয়নি। যেখানে ইনিংস এবং ১০৩ রানের ব্যবধানে হেরে যায় বাবর-রিজওয়ানরা। দ্বিতীয় টেস্টে ইংলিশরা জিতেছে চতুর্থ দিনে, ১৯৪ রানের বিশাল ব্যবধানে। ওই ম্যাচের দ্বিতীয় দিন পাকিস্তান মাত্র ১১০ রানে গুটিয়ে যাওয়ার পর ইংল্যান্ড দু’বার ব্যাটিংয়ে নামে।

এএইচএস