মধ্যপ্রাচ্যে সংঘাতে আবুধাবিতে সিরিজ বাতিল করল ইংল্যান্ড

মধ্যপ্রাচ্যে সংঘাতে ক্রমবর্ধমান উত্তেজনায় নিরাপত্তা শঙ্কার কারণে আবুধাবিতে পাকিস্তান শাহিন্সের বিপক্ষে ইংল্যান্ড লায়ন্সের ৫০ ওভারের দ্বিতীয় ম্যাচটি বাতিল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা পাল্টা হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যজুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে। ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য মিসাইল ছুড়েছে। এরই ধারাবাহিকতায় দুবাই ইরানি হামলার শিকার হয়েছে।
এমন পরিস্থিতিতে ইসিবি নিশ্চিত করেছে, সরকারের নির্দেশনা মেনে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ম্যাচটি হচ্ছে না। তারা এক বিবৃতিতে বলেছে, ‘আমাদের দল ও স্টাফদের সুরক্ষা ও নিরাপত্তা সবার আগে। মধ্যপ্রাচ্যে বর্তমান পরিস্থিতির কারণে আমরা নিরাপত্তা বিশেষজ্ঞ ও সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি এবং তাদের নির্দেশনা মানা হচ্ছে।’
ইংল্যান্ড লায়ন্স ও পাকিস্তান শাহিন্সের ম্যাচ বাতিলের পাশাপাশি আগামী সপ্তাহে তাদের নারী দলের আবুধাবি সফরও পিছিয়ে দেওয়া হয়েছে। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের খেলা পরিকল্পনা মতোই মাঠে গড়াবে। দলটি সেমিফাইনাল নিশ্চিত করেছে। তারা যাবে ম্যাচ ভেন্যু মুম্বাইয়ে।
এফএইচএম/