জাতীয় দলের বিপক্ষে খেলবে বিসিএল অল স্টার

গত ২৩ ফেব্রুয়ারি থেকে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) আসর শুরু হয়েছিল। গ্রুপ পর্বের খেলা শেষে এবার ফাইনালের অপেক্ষা। শিরোপা নির্ধারণী ম্যাচটি আগামী ৩ মার্চ মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এরপর আরেকটি ম্যাচে লড়ছে জাতীয় দল ও বিসিএলের পারফরমারদের নিয়ে গঠিত দল।
বিসিএলের ফাইনাল শেষে পাকিস্তান সিরিজের আগে জাতীয় দলের ক্রিকেটাররা বিশ্রামে থাকবেন ধারণা করা হচ্ছিল। কিন্তু আগামী ৭ মার্চ মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আরেকটি ম্যাচে তাদের মাঠে নামতে হচ্ছে। যেখানে একটি দলের হয়ে খেলবে জাতীয় দলের ক্রিকেটাররা। তাদের প্রতিপক্ষ দল গঠিত হবে বিসিএলে ভালো পারফর্ম করা বাকি ক্রিকেটারদের নিয়ে।
জাতীয় দল বনাম বিসিএল অল স্টার ম্যাচের স্কোয়াড এখনও চূড়ান্ত হয়নি। ফাইনাল শেষেই তা চূড়ান্ত হবে। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র। ৭ মার্চ খেলা শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিটে, যা চলবে রাত ৯টা ৫৫ মিনিটে।
এই ম্যাচ শেষেই জাতীয় দলের ক্রিকেটাররা পাকিস্তান সিরিজের প্রস্তুতিতে নামবেন। সবকিছু ঠিক থাকলে ১১ মার্চ প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচ হবে ১৩ এবং ১৫ মার্চ। তিনটি ম্যাচই মিরপুরে অনুষ্ঠিত হবে।
এসএইচ