সব টাকা বুঝে পেল সিলেট-নোয়াখালী, মিরাজ বললেন ভালো লাগার বিষয়

বিপিএল শেষ হয়েছে মাস খানেকের বেশি সময়। তবে ৬ দলের মধ্যে বাকি ছিল কয়েক দলের ক্রিকেটারদের পারিশ্রমিক। আজ রোববার নোয়াখালী এক্সপ্রেস এবং সিলেট টাইটান্সের ক্রিকেটারদের বকেয়া পরিশোধ করেছে ফ্র্যাঞ্চাইজি দুটি। বিসিবির কাছে জমা দেয়া অর্থ থেকেই পরিশোধ করা হলো বকেয়া। যদিও এখনও টাকা বুঝে পায়নি ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটাররা।
দুই দলের বকেয়া অর্থ পরিশোধ করার পর গণমাধ্যমের মুখোমুখি হন সিলেটের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সেখানে তিনি বলেন, ‘‘আলহামদুলিল্লাহ, দেখুন, বিপিএলের সবাই পেমেন্ট পেয়েছে। অবশ্যই, এটা ভালো লাগার বিষয়। অবশ্যই, ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ দিতে চাই।’’
পরে বিপিএল ভালো হয়েছে দাবি করে মিরাজ আরো বলেন, ‘‘আমার কাছে যেটা মনে হয়, প্রত্যেকটা দলই টাকা পেয়েছে। আজকে সিলেটও টাকা পেল এবং প্রত্যেকটা খেলোয়াড় অনেক খুশি আছে। আর এবারের বিপিএলটা অনেক ভালো হয়েছে।’’
পরবর্তীতে বিপিএল কমিটির সদস্য সচিবকে প্রশংসায় ভাসিয়ে মিরাজ বলেন, ‘‘বিপিএল গভর্নিং কাউন্সিলে যারা ছিলেন... মিঠু ভাই অনেক কঠোর পরিশ্রম করেছে দেখেছি। উনি টাকার ব্যাপারে প্রত্যেকটা দলের সঙ্গে কথা বলেছে এবং যেভাবে প্রসেস করা দরকার প্রত্যেকটা প্রসেস সম্পন্ন করেছে।’’
এসএইচ/এমএমএম