শৈশবের কোচকে হারিয়ে মাহমুদউল্লাহর আবেগঘন বার্তা

না ফেরার দেশে পাড়ি জমালেন মাহমুদউল্লাহ রিয়াদের শৈশবের কোচ। তারই হাত ধরে ক্রিকেটের পাঠ শেখা জাতীয় দলের অভিজ্ঞ অলরাউন্ডার প্রিয় মেন্টরকে হারিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছেন এক আবেগঘন বার্তা। মাহমুদউল্লাহ জানিয়েছেন, কাজী ভাই না থাকলে হয়তো ক্রিকেটার হওয়াই হতো না তার।
মাহমুদউল্লাহ রিয়াদ লেখেন, ‘‘আমাদের প্রিয় কাজী ভাই আর নেই শুনে গভীরভাবে শোকাহত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তায়ালা যেন উনাকে ক্ষমা করেন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করেন। ওনার পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল।’
‘‘কাজী ভাই ছিলেন আমার শৈশবের কোচ এবং বড় হওয়ার পথে আমার ক্রিকেটে ওনার বিশাল প্রভাব ছিল। আমার স্কুলের ক্রিকেট থেকে শুরু করে ময়মনসিংহ কাউন্টি ক্রিকেট ক্লাব দলের হয়ে খেলা পর্যন্ত- সবখানেই উনার ভূমিকা ছিল অনেক বেশি।’’
শৈশবের কোচের সঙ্গে অতীতের স্মৃতি স্মরণ করে মাহমুদউল্লাহ লেখেন, ‘‘আমি যখন ক্লাস এইট বা নাইনে পড়ি, তখন আমার পরিবার দ্বিধায় ছিল যে আমি ক্রিকেট খেলব কি না; উনিই ছিলেন সেই ব্যক্তি, যিনি আমার বাবা-মাকে আমাকে ক্রিকেট খেলতে দেওয়ার জন্য রাজি করিয়েছিলেন। উনি আমার মধ্যকার সম্ভাবনা দেখেছিলেন এবং শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে একজন ক্রিকেটার হতে আমাকে উৎসাহিত করেছিলেন। তিনি সবসময়ই অত্যন্ত সুশৃঙ্খল, নিবেদিতপ্রাণ এবং ময়মনসিংহ ক্রিকেটের অন্যতম অগ্রদূত ছিলেন।’’
এমএমএম/