প্রয়াত কোকোর স্মরণে যা বললেন তামিম

দেশের ক্রিকেটাঙ্গনে বড় অবদান রয়েছে আরাফাত রহমান কোকোর। তবে সবসময় তার নামটা ছিল আড়ালে। ক্রীড়াঙ্গনে বিশেষ অবদান রাখা ক্রীড়াবিদদের স্বীকৃতি দিয়েছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ফাউন্ডেশন। আজ সাবেক ও বর্তমান ৯ ক্রীড়াবিদ পেয়েছেন আরাফাত রহমান কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড।
সেই অনুষ্ঠানে তামিম ইকবাল স্মৃতি রোমন্থন করেছেন প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও কোকোকে নিয়ে। বিসিবিতে ২০০২ থেকে ২০০৫ পর্যন্ত উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে ছিলেন কোকো। বিসিবির গেমস ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানও ছিলেন তিনি। মিরপুর মাঠ তৈরিতে তার অবদান ছিল অনেক।
কোকোকে নিয়ে আজ অনুষ্ঠানে তামিম বলেন, ‘‘কদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম তার (প্রয়াত আরাফাত রহমান কোকো) বিষয়ে। সেখানে একটা কথা বলেছিলাম যে, সত্যি আমি দুঃখিত যে, তার বিষয়ে আমরা এত বছর...তিনি এত অবদান রাখার পরও আমরা বলতে পারিনি। অন্তত আমি তো বলতে পারিনি, এটাই আমার মূল বার্তা ছিল।’’
পরে প্রয়াত কোকোর অবদান তুলে ধরে তামিম বলেন, ‘‘মিরপুর স্টেডিয়াম থেকে নিয়ে শুরু করে তিনি অনেক কিছু করেছেন। তবে খুবই দুর্ভাগ্য যে, এত বছর তিনি যেটা ডিজার্ভ করতেন, যে প্রশংসা ডিজার্ভ করতেন, আমরা কেউ দিতে পারিনি। দ্যাট ইজ ভেরি আনফরচুনেট।’’
অনুষ্ঠানে প্রয়াত খালেদা জিয়ার সঙ্গে নিজের একটি স্মৃতি রোমন্থন করে তামিম বলেন, ‘‘এখনো মনে আছে, আমি আমাদের ম্যাডাম খালেদা জিয়ার কাছে গিয়েছিলাম আমার বিয়ের নিমন্ত্রণ নিয়ে। তো অনেক কথার মধ্যে একটা কথা এসেছিল কোকো ভাইকে নিয়ে। কথা হচ্ছিল, তখন তিনি আমাকে খুবই ইমোশনাল হয়ে একটা কথা বললেন যে, দেখো ওর বিষয়ে এখন কেউ কিছু বলে না। আমি তাকে ওদিন বলেছিলাম যে, না, ম্যাডাম আমি বলব। তবে আনফরচুনেটলি আমিও ব্যর্থ, এত বছরে তাকে নিয়ে পাবলিকলি যেভাবে অ্যাপ্রিশিয়েট করা উচিত ছিল, সেটা পারিনি। ওটার জন্য আমি ক্ষমা প্রার্থী তার পরিবারের কাছে।’’
এসএইচ/এমএমএম