জাতীয় দলের নির্বাচক পদে কারা আবেদন করেছেন, দৌড়ে এগিয়ে কে?

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক পদে নিয়োগের জন্য দিন দুয়েক আগে বিজ্ঞপ্তি দিয়েছিল বিসিবি। আগ্রহী প্রার্থীদের আগামী ৮ মার্চের মধ্যে আবেদনপত্র জমা দিতে বলা হয়েছে।
আজ (মঙ্গলবার) পর্যন্ত বেশ কয়েকজন আবেদন করেছে বলে জানা গেছে। এরমধ্যে বয়সভিত্তিক দলের নির্বাচকরাও রয়েছেন। জাতীয় দলের নির্বাচক হওয়ার দৌড়ে এগিয়ে থাকলেও আবেদন করবেন না বলে এরই মধ্যে জানিয়েছেন সাজ্জাদ আহমেদ শিপন।
খোঁজ নিয়ে জানা গেছে, নির্বাচক পদে আবেদন করতে আগ্রহী রয়েছেন আরও বেশ কিছু নতুন মুখ। এরমধ্যে শামসুর রহমান শুভর নাম যেমন শোনা যাচ্ছে, তেমনি নাম প্রকাশে অনিচ্ছুক আরও কয়েকজন সাবেক ক্রিকেটারও রয়েছেন।
নির্বাচক পদে আবেদন করতে অবশ্যই প্রথম শ্রেণি ও লিস্ট 'এ' মিলিয়ে অন্তত ১০০ ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে৷ বিচারিক ক্ষমতা, দক্ষতা এবং যোগাযোগেও পারদর্শী হতে হবে। নির্বাচকরা নিয়োগ পাবেন দুই বছরের জন্য। তাদের দায়িত্ব হবে জাতীয় দল এবং 'এ' দলের খেলোয়াড় নির্বাচন করা। এ ছাড়া পাইপলাইনে থাকা খেলোয়াড়দের দিকেও নজর রাখবেন তারা। ঢাকা পোস্টকে বিসিবির একজন নির্বাচক জানান, নতুন এই নিয়মটি ভালো হয়েছে। বিশেষ করে যারা নতুন করে নির্বাচক পদে আসবেন তাদের ক্ষেত্রে।
এদিকে, প্রধান নির্বাচক হওয়ার দৌড়ে সবার আগে থাকা হাবিবুল বাশার সুমন এখনো আবেদন করেননি। তবে দ্রুতই করবেন বলে জানা গেছে। এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দুই বছরের জন্য প্রধান নির্বাচকের দায়িত্ব নিয়েছিলেন গাজী আশরাফ হোসেন লিপু। বিসিবির সঙ্গে লিপুর দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হবে ফেব্রুয়ারিতে। এ ছাড়া গত অক্টোবরে বিসিবি নির্বাচন করতে নির্বাচকের পদ ছাড়েন আব্দুর রাজ্জাক। লিপু এবং রাজ্জাকের বদলি হিসেবেই এবার দুজন নির্বাচক নিতে চাচ্ছে বিসিবি। নতুন নির্বাচকদের মধ্যে একজন হবেন প্রধান নির্বাচক।
এসএইচ/এফআই