সম্মান ফেরত না পেলে আর ক্রিকেট খেলবো না : বিজয়

২০২৫ বিপিএলে ফিক্সিং সন্দেহের তালিকায় নাম উঠে এসেছিল এনামুল হক বিজয়। যে কারণে সবশেষ আসরে আরো বেশ কয়েকজন ক্রিকেটারের পাশাপাশি তাকেও খেলার বাইরে রাখা হয়। নিলামেই ছিল না তাদের নাম।
যদিও এ বিষয়ে পরে আর বিস্তারিত কিছু জানায়নি বিসিবি। তবে বিপিএল খেলতে না পারলেও বাকি ঘরোয়া লিগে খেলতে পারবেন বিজয় এমনটা জানা গিয়েছিল। এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন খোদ বিজয়।
আজ (মঙ্গলবার) সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে বিজয় জানান, নিজের সম্মান ফেরত না পেলে আর ক্রিকেট খেলতে চান না।
বিজয় বলছিলেন, 'সম্মানের জন্য ক্রিকেট খেলে আসছি, টাকার জন্য না। আমি আমার সম্মান ফেরত পেতে চাই। সম্মান ফেরত না দিলে আর ক্রিকেট খেলব না। বিজয়ের সঙ্গে পুরোপুরি ভুল হয়েছে, সন্দেহের তালিকায় ছিল। এই জিনিসটা সুন্দর (ঠিক) হয়ে গেছে। এখন সব ধরনের খেলা ও খেলতে পারবে। সুন্দর করে বিসিবি যখন এটা বলবে তখন আমি ক্রিকেট খেলব।'
বিজয় আরও জানান, 'আজকে যদি বলি হার্ডলাইনের কথা আমার ক্রিকেট খেলার দরকার নাই। যতক্ষণ পর্যন্ত না উনারা (বিসিবি) আমাকে সম্মান ফেরত দিচ্ছে, সসম্মানে সবাইকে জানাচ্ছে বিজয় অপরাধী না। আমি কিছু করলে প্রমাণ দেখান। আমি ক্রিকেট খেলবো না। যথেষ্ট হয়েছে এবার আপনারা একটা সিদ্ধান্ত দেন হয় এই ছেলে কিছু করেছে নাহয় কিছু করেনি। ঝুলে থাকতে ভালো লাগে না।'
এসএইচ/এফআই