হৃদয়ের সেঞ্চুরি মিসের আক্ষেপ, চ্যালেঞ্জিং সংগ্রহ নর্থ জোনের

বিসিএল ওয়ানডের এবারের আসরে দুর্দান্ত ফর্মে আছেন তাওহিদ হৃদয়। ফাইনালেও সেই ধারাবাহিকতা ধরে রাখলেন তিনি। শিরোপা নির্ধারণী ম্যাচে এসে ৯৬ রানের দারুণ এক ইনিংস খেলেছেন। তার ইনিংসে ভর করে লড়াই করার পুঁজি পেয়েছে নর্থ জোন।
মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ২৩৮ রান সংগ্রহ করেছে নর্থ জোন। দলের হয়ে সর্বোচ্চ ৯৬ রান করেছে হৃদয়। এ ছাড়া ৩৫ রান এসেছে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে।
শুরুতে দেখে শুনে খেলার চেষ্টার করেন দুই ওপেনার হাবিবুর রহমান সোহান ও তানজিদ তামিম। তবে বেশিক্ষণ টিকতে পারেননি সোহান। ৫ রান করে এই ওপেনার ফিরলে ভাঙে ২২ রানের উদ্বোধনী জুটি। আরেক ওপেনার তামিমের ব্যাট থেকে এসেছে ২২ বলে ২৩ রান।
দ্রুত ২ উইকেট হারানোর পর তিনে নেমে দলের হাল ধরেন শান্ত। হৃদয়ের সঙ্গে তার জুটিতে আসে ৫২ রান। ৫১ বলে ৩৫ করেন শান্ত। আর হৃদয়ের ব্যাট থেকে এসেছে ৯৮ বলে ৯৬ রান।
এরপর এসএম মেহেরাব হোসেন ও সাব্বির রহমান উইকেটে থিতু হলেও ইনিংস বড় করতে পারেননি। ২৮ রান করেছেন মেহেরাব, সাব্বিরের ব্যাট থেকে এসেছে ৪৩ বলে ২৪ রান। শেষদিকে ১৮ বলে ১৬ রান করেছেন রিশাদ হোসেন।
এইচজেএস