বিপিএলের পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ বিজয়ের

২০২৫ মৌসুমের বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে খেলেছিলেন এনামুল হক বিজয়। সেবার দলটিকে নিয়ে হয়েছিল তুমুল সমালোচনা। ক্রিকেটারদের পারিশ্রমিক থেকে শুরু করে হোটেল বিল সবখানেই ছিল বিতর্ক। সেই মৌসুমের টাকা এখনো পাননি বলে অভিযোগ করলেন বিজয়।
আজ মিরপুরে সংবাদ সম্মেলনে বিজয় বললেন, 'আমাকে বিপিএল খেলতে দেওয়া হয়নি যেটা আমার অধিকার। আমি এতদিন ধরে পারফরম্যান্স করে আসছি এবং সেটা আমি প্রাপ্য। কিন্তু আমি খেলতে পারিনি। আগের বছরের পেমেন্টের ইস্যু ছিল যেটা আমি এখনো পর্যন্ত পাইনি। বিভিন্নভাবে বিভিন্ন জনের সাথে যোগাযোগ করেছি কিন্তু রেজাল্ট পাইনি।'
'তাদের বলতে পারি আমার সমাধানটা করেন এতগুলো টাকা পাই। যেহেতু ক্রিকেট খেলেছি আমার পারিশ্রমিকটা আপনারা দেবেন। পারিশ্রমিকটা আমাকে দিয়ে দেন। আমি কিছু করিনি অন্যায়ভাবে আপনারা আমাকে বাইরে রেখেছেন। আপনারা আমাকে খেলানোর ব্যবস্থা করেন সব ফরম্যাটে। ব্যাপারটা এভাবেই চাইব, এ ছাড়া হার্ডলাইনে আর কী যাব?'
সবশেষ ঢাকা লিগের উদহারণ দিয়ে বিজয় বলেন, 'বিপিএলে প্রশ্ন উঠায় কিন্তু আমি প্রিমিয়ার লিগে অনেক কম অর্থ নিয়ে খেলছি। কারণ সবাই ভাবে এরকম একটা খেলোয়াড়কে কেন আমরা দলে নিব। তারা অবশ্যই, আমাকে টাকা দিতে চায় না। যেই প্রাপ্য সম্মান আমার পাওয়া উচিত সেই সম্মান কিন্তু আমি প্রিমিয়ার লিগে পাই নাই।'
নিজের বিপিএল খেলতে না পারা নিয়ে তামিমের সাথে কথা হয়েছে কি না? এমন প্রশ্নের উত্তরে বিজয় বলেন, 'তামিম ভাই একজন খেলোয়াড়, বড় ভাই হিসেবে সহায়তা করতে পারে। কিন্তু উনি কোনো প্রাতিষ্ঠানিক অবস্থানে নাই মানে পরিচালক বা মন্ত্রী কিংবা অন্য কোনো পজিশন। যেখানে সে আসলে কোনো সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু উনি অনুরোধ করতে পারে বড় ভাই হিসেবে। আমাদের টপ ক্লাস সিনিয়র খেলোয়াড় হিসেবে অনুরোধ করতে পারে। সেই হিসেবে কথা হতে পারে, কী করলে ভালো হয়। সেই কথোপকথন হতে পারে। কিন্তু উনি আসলে কোনো সিদ্ধান্ত দিতে পারবেন না।'
এসএইচ/এইচজেএস