লিটনের প্রস্তুতি নিয়ে যা বললেন সোহেল

দীর্ঘ সময় পর ওয়ানডে ক্রিকেটে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ১১ মার্চ খেলবে টাইগাররা। কিন্তু ওয়ানডে ক্রিকেটে গেল বছর দুই খুব একটা স্বস্তিতে নেই তিনি। তাই রানে ফিরতে নিজেকে প্রস্তুত করছেন এই উইকেটকিপার ব্যাটার।
নিজের ফর্মহীনতা কাটিয়ে উঠতে নিয়মিত কষ্ট করে যাচ্ছেন লিটন। আজ বৃৃহস্পতিবার কোচ সোহেল ইসলাম জানালেন এমনটাই, 'সে (লিটন) চেষ্টা করছে, এখনো জিম করে এসে অনুশীলন করছে, তার মতো করে প্রস্তুত হচ্ছে। আগামীকাল থেকে জাতীয় দলের অনুশীলন শুরু হবে। সবাই চেষ্টা করছে সর্বোচ্চটা দিয়ে যতটুকু সম্ভব প্রস্তুতি নিয়ে মাঠে নামা যায় পাকিস্তান সিরিজে।'
পরে দলের প্রস্তুতি নিয়ে সোহেল বলেন, 'হোম কন্ডিশনে আমরা সবসময় ভালো খেলি। আমাদের অতীত রেকর্ড খুবই ভালো। এই ফরম্যাটে আমরা আসলে সবসময় ভালো খেলি। সাম্প্রতিক সময়ে ওইরকম না থাকলেও এখন মনে হচ্ছে দল গুছিয়ে নেওয়া যাচ্ছে। বিসিএলে যারা জাতীয় পুলের খেলোয়াড় ছিল তারা সবাই কমবেশি পারফর্ম করেছে। সবাই প্রস্তুতি নিচ্ছে নিজেদের মতো করে এবং সামনে আরও কিছুদিনের অনুশীলন আছে।'
'আন্তর্জাতিক খেলার জন্য সেরা প্রস্তুতি হচ্ছে আন্তর্জাতিক সিরিজের মধ্যে খেলতে থাকা, সেটা হোক দ্বিপাক্ষিক কিংবা বৈশ্বিক টুর্নামেন্ট। যেহেতু আমাদের এটা ছিল না, আমাদের এটার পরেই নির্ভর করতে হবে। কিন্তু আমি এটা বলতে পারব না আমরা প্রস্তুতি নিতে পারিনি। আমাদের যেটা ঘরোয়ার মধ্যে সর্বোচ্চ প্রস্তুতি ছেলেদেরকে সেটাই বোর্ড দেওয়ার চেষ্টা করেছে।'
এসএইচ/এইচজেএস