২০০ টাকায় দেখা যাবে পাকিস্তান সিরিজের ম্যাচ

আগামী ১১ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আর এই সিরিজকে সামনে রেখে আজ শুক্রবার টিকিট বিক্রির ঘোষণা দিয়েছে বিসিবি। এবারের খেলা দেখতে সর্বোচ্চ ২ হাজার টাকা খরচ করতে হবে ক্রীড়াপ্রেমীদের। এছাড়া খেলা দেখা যাবে সর্বনিম্ন ২০০ টাকায়।
দর্শকরা অনলাইনে কাটতে পারবেন টিকিট। বিসিবি টিকেট ডট কম ডট বিডি ওয়েবসাইটে। সর্বনিম্ন ২০০ টাকা খরচ করে কেনা যাবে ইস্টার্ন গ্যালারির টিকিট। ৪০০ টাকা ধরা হয়েছে নর্দার্ন গ্যালারি ও শহীদ আবু সাইদ স্ট্যান্ডের টিকিট মূল্য।
ক্লাব হাউজের শহীদ জুয়েল স্ট্যান্ড ও শহীদ মুশতাক স্ট্যান্ডের টিকিট মূল্য ধরা হয়েছে ৬০০ টাকা করে। ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথের একেকটি টিকিট ১ হাজার এবং ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথের একেকটি টিকিট ১২০০ টাকা করে ধরা হয়েছে।
এছাড়া ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ (মিডিয়া ব্লক) এর টিকিটের দামও ১ হাজার টাকা করে। সর্বোচ্চ ২ হাজার টাকা দাম ধরা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটমূল্য। আগামী ১১, ১৩ এবং ১৫ মার্চ মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ। সবগুলো ম্যাচই হবে মিরপুরের শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
একনজরে দুই দলের স্কোয়াড
বাংলাদেশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম ভূঁইয়া, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।
পাকিস্তান: শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ, আবদুল সামাদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসাইন তালাত, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ গাজী গরি (উইকেটরক্ষক), সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আলী আঘা এবং শ্যামল হুসাইন।
এসএইচ/এমএমএম