ভারত ছাড়তে রোনালদোর বিমান চাইলেন ক্যারিবিয়ান তারকা

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাতের কারণে এখনো দেশে ফিরতে পারেনি দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর দুই দলই ভারতের কলকাতায় আটকা পড়েছে। চার্টার্ড বিমানে করে তাদের ভারত থেকে দেশে ফেরানোর বন্দোবস্ত নেওয়া হচ্ছে। সেই অপেক্ষা কবে শেষ হবে জানা নেই, এরই মধ্যে বিশ্ব ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর কাছে অদ্ভুত আর্জি করলেন ক্যারিবিয়ান তারকা আকিল হোসেন।
রোনালদোর কাছে আর্জি জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ স্পিনার, যেন তার বিমান দিয়ে তাকে উদ্ধার করা হয়। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ তিনি লেখেন, ‘এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি ক্রিশ্চিয়ানোর কাছে আর্জি জানাচ্ছি, তিনি যেন বিমান পাঠান এবং আমাকে উদ্ধার করেন।’
এর আগে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ড বৃহস্পতিবার নিশ্চিত করে, তারা তাদের দলকে দেশে ফেরত নিতে একটি চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করছে। দলটি চার দিন ধরে কলকাতায় আটকে আছে। সম্প্রতি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার কারণে আকাশপথ সীমিত হয়ে পড়েছে। বিশ্বজুড়ে নানান ফ্লাইট বাতিল করা হচ্ছে।
ওয়েস্ট ইন্ডিজ চলতি বিশ্বকাপে সুপার এইটে উঠলেও গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের কাছে হেরে ছিটকে গেছে। সম্প্রতি সৌদি আরব থেকে রোনালদোর ব্যক্তিগত বিমানে মাদ্রিদে ফেরার খবর ভাইরাল হয়েছে। সেই গুঞ্জনের প্রেক্ষিতে তার কাছে উদ্ধারের আকুতি জানালেন আকিল।
এফএইচএম/