বিসিবি নির্বাচন নিয়ে ক্রীড়া মন্ত্রণালয়ে অভিযোগ প্রসঙ্গে যা বললেন তামিম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল গেল বছরের অক্টোবরে। সেই নির্বাচনের আগে থেকেই আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ডেকে নিয়ে অভিযোগ জানিয়ে আসছেন তামিম ইকবালসহ ঢাকার ৪৫ ক্লাব সংগঠকরা। যে কারণে তারা নির্বাচনও বর্জন করেন।
বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ নিয়ে আজ (রোববার) জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (এনএসসি) বরাবর চিঠি দিয়েছে ঢাকার ক্লাব সংগঠকরা। এ সময় উপস্থিত ছিলেন তামিম ইকবাল, রফিকুল ইসলাম বাবু, লোকমান হোসেন, মাসুদুজ্জামান, ফাহিম সিনহার মতো শীর্ষ সংগঠকরা।
পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তামিম জানান, বিসিবির সর্বশেষ নির্বাচন নিয়ে একটি স্বাধীন তদন্ত কমিটি করার জন্য ক্রীড়া পরিষদকে চিঠিতে জানানো হয়েছে। সেই তদন্ত অনুযায়ী ক্রীড়া পরিষদকে ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন তারা।
তামিম বলেন, 'আজকে আমরা একটা অনুষ্ঠানিক অভিযোগ দিতে এসেছি। সবচেয়ে অবাক করার বিষয় যেটা, ৭৬ টা ক্লাবের মধ্যে ৫০টা ক্লাব এ বিষয়ে অভিযোগ জানিয়েছে। এই নির্বাচনটা সঠিকভাবে হয়নি এটা প্রমাণ করার জন্য ৭৬ টা ক্লাবের মধ্যে যদি ৫০টা ক্লাব একমত থাকে, এটাই তো অনেক কিছু প্রমাণ করে দেয়।'
এসএইচ/এইচজেএস