বিশ্বজয়ের পর তিলক-দুবেরা যা বললেন

প্রথম দল হিসেবে ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত। নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে টানা দুইবার শিরোপা জেতা দল তারা। এছাড়া একমাত্র দল হিসেবে রেকর্ড তিনবার চ্যাম্পিয়ন হলো মেন ইন ব্লুরা।
ফাইনাল জয়ের পর খেলোয়াড়েরা যে প্রতিক্রিয়া জানালেন-
শিভাম দুবে বলেন, ‘আমার ভূমিকা ছিল বড় কিছু ছক্কা মারা। মাঝে মাঝে অন্য ব্যাটাররাও এটা করে। যখনই আমি সুযোগ পাই, আমি সবসময় ছক্কা মারার ব্যাপারে নিজের ওপর বিশ্বাস রাখি।’ বোলিং নিয়ে তার কথা, ‘আমি এখানে অনেক উন্নতি করেছি কিন্তু খুব বেশি বোলিং করিনি, পরের বার আরও ভালো করব। আজ এটি অন্যতম বড় একটি মঞ্চ ছিল, দর্শক ছিল অসাধারণ। এই টুর্নামেন্টটি ভারতীয় দলের সমর্থকদের। সব কৃতিত্ব ভারতীয় দলের সকল সমর্থকদের।’
তিলক ভার্মা বলেন, ‘দলের যা প্রয়োজন আমরা তার জন্য প্রস্তুত। আমরা যেকোনো অবস্থানে ব্যাটিং করার অনুশীলন ইতোমধ্যেই করেছি। (ক্যাচিং নিয়ে) যখনই দলের প্রয়োজন হয়েছে, দল রুখে দাঁড়িয়েছে। অক্ষর ইংল্যান্ডের বিপক্ষে দারুণ কিছু ক্যাচ নিয়েছিল। আজকেও আমি বলব না যে আমরা অসাধারণ ছিলাম, কিন্তু আমি এবং ঈশান কিছু ক্যাচ নিয়েছি। আগামী কয়েকদিন ছেলেদের সাথে বড় উৎসব চলবে। আমরা ছোট একটা বিরতি নেব এবং আইপিএল-এর জন্য ফিরে আসব।’
ওয়াশিংটন সুন্দর বলেন, ‘সব কৃতিত্ব সাপোর্ট স্টাফদের। তারা অসাধারণ ছিলেন। এই ধরনের অভিজ্ঞতার অংশ হতে পারা সবার জন্যই দারুণ এক অনুভূতি, সামনে আরও এমন কিছু আসতে চলেছে।’
এফএইচএম/বিআরইউ