বিশ্বকাপ জিতে ভারতের যত প্রথম কীর্তি

সাঞ্জু স্যামসন, অভিষেক শর্মা ও ইশান কিশানের ঝড়ো ব্যাটিংয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে রেকর্ড সংগ্রহ করে ভারত। নিউজিল্যান্ড কোনো লড়াই করতে পারেনি। ৯৬ রানে তাদেরকে হারিয়ে শিরোপা ধরে রাখল তারা। তাতে বেশ কয়েকটি রেকর্ড ভেঙেছে ভারত।
প্রথম দল হিসেবে টানা দুই বিশ্বকাপ জিতল সূর্যকুমার যাদবের দল। এছাড়া দেশের মাটিতে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া প্রথম দল তারা। এনিয়ে তিনটি বিশ্বকাপ ট্রফি জিতেছে ভারত, যা ইতিহাসের সর্বোচ্চ। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের দুইবার শিরোপা জয়ের কীর্তি পেছনে পড়ে গেল। এছাড়া চতুর্থবারের চেষ্টায় প্রথমবার ২০ ওভারের বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেল ভারত।
গৌতম গম্ভীর প্রথম কোচ হিসেবে আইসিসির দুটি ইভেন্টে শিরোপার স্বাদ পেলেন। এক বছরের মধ্যে নিউজিল্যান্ডকে দুইবার ফাইনালে হারাল তার দল। এর আগে চ্যাম্পিয়নস ট্রফিতে কিউইদের ফাইনালে হারায় গম্ভীরের শিষ্যরা।
আর ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে এই আহমেদাবাদে স্বপ্ন ভাঙার দুঃখ মোচন করল ভারত। তিন বছর আগে এই ভেন্যুতে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল তারা।
এফএইচএম/বিআরইউ