পাকিস্তানের বিপক্ষে সিরিজে ভালো উইকেটের প্রত্যাশা সিমন্সের

দীর্ঘ বিরতি দিয়ে আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ দল। চলতি বছরের প্রথম সিরিজে আগামী বুধবার মাঠে নামবে টাইগাররা, প্রতিপক্ষ পাকিস্তান। সিরিজ শুরুর আগে মিরপুরের উইকেট নিয়ে আশাবাদী বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স।
আজ সোমবার মিরপুরে সংবাদ সম্মেলনে এসে উইকেট প্রসঙ্গে সিমন্স বলেন, 'এবারের উইকেটগুলো সেই সিরিজের তুলনায় অনেক বেশি ভালো মনে হচ্ছে। তাই আমাদের মূল লক্ষ্য হলো উন্নতি করা এবং পরের ধাপে যাওয়া।'
গেল বছর সবশেষ সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছিল টাইগাররা। সেখান থেকেই আবার ভালো শুরুর কথা জানালেন সিমন্স, 'আমরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটা খুব ভালোভাবে শেষ করেছিলাম এবং আমরা সেখান থেকে আর পিছিয়ে যেতে চাই না।'
ঘরোয়াতে সবশেষ ম্যাচে নিজেদের প্রস্তুতি নিয়ে সিমন্স বলেন, 'গত ম্যাচে আমরা যেভাবে ব্যাটিং করেছি, সেই ধারা বজায় রাখা এবং কিছু নির্দিষ্ট জায়গায় কাজ করা প্রয়োজন। আমি মনে করি, আমরা বিশেষ করে মিডল ওভারে (মাঝের ওভারগুলোতে) আরও ভালো করতে পারি, কারণ সেখানে আমরা খুব একটা সুবিধাজনক অবস্থায় ছিলাম না। আর আমাদের বোলিংয়ের ক্ষেত্রেও মাঝের ওভারগুলোতে আরও বেশি উইকেট নিতে হবে। মূলত এই দুই জায়গাতেই আমরা অনেক বেশি গুরুত্ব দেব।'
'আমার কাছে এখনকার উইকেটগুলো অনেক বেশি ভালো মনে হচ্ছে। আমি বিপিএলের শেষ অংশটা দেখেছি, এমনকি দুই দিন আগে যে ম্যাচটা হলো সেটাও দেখেছি। উইকেট এখন আগের চেয়ে অনেক উন্নত। ক্রিকেটার হিসেবে আমরা সবসময় ভালো উইকেটে খেলতে চাই যাতে নিজেদের দক্ষতা যাচাই করা যায়।'
এসএইচ/এফআই